আফ্রিকার দেশটি নিয়ে পশ্চিমাদের কেন এত মাথাব্যথা

August 12, 2023 at 05:49AM
from somoynews.tv | RSS Feed
বিশ্বের কোথাও কোনো ঘটনা ঘটলে তা নিয়ে প্রতিক্রিয়া দেখানো অনেকটা চিরায়ত অভ্যাস যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের। নাইজারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। দেশটিতে সম্প্রতি সামরিক অভ্যুত্থানের ঘটনায় রীতিমতো ক্ষেপে গেছে পশ্চিমারা। কিন্তু পশ্চিম আফ্রিকার দেশটিকে নিয়ে তাদের এত মাথাব্যথার কারণ কী?
গেল জুলাইয়ের শেষ সপ্তাহে নাইজারের রাজধানী নিয়ামে’তে সামরিক অভ্যুত্থানের ঘটনা এখন বিশ্বব্যাপী আলোচিত। এর মধ্যদিয়ে উৎখাত করা হয়েছে ইউরেনিয়াম-সমৃদ্ধ দেশটির পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর সংগঠন ইকোওয়াস এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে, মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল না করা হলে নাইজারে ‘সামরিক হস্তক্ষেপ’ করা হবে।
এছাড়া নাইজারে নিজেদের ‘স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেয়ার’ হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। তবে অনেক বিশ্লেষকের মতে, নাইজার ও দেশটির সামরিক বাহিনীকে নিয়ে ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের এই ‘অতি আগ্রহের’ পেছনে ভিন্ন গল্পও আছে।
প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ নাইজার। দেশটির সবচেয়ে মূল্যবান খনিজ হচ্ছে ইউরেনিয়াম। পরমাণু অস্ত্র তৈরির এই উপাদানের মজুতের ক্ষেত্রে বিশ্বে সপ্তম নাইজার। শুধুমাত্র ২০১৯ সালেই খনি থেকে ২ হাজার ৯৮২ টন ইউরেনিয়াম উত্তোলন করেছে দেশটির দুটি কোম্পানি।
আরও পড়ুন: নাইজারে সামরিক হস্তক্ষেপের অনুমোদন ইকোওয়াসের
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ওপেন-পিট অপারেশনের মাধ্যমে নাইজারের রাজধানী নিয়ামে থেকে প্রায় ১১০০ কিলোমিটার উত্তরে আরলিট শহরের কাছে ইউরেনিয়াম উত্তোলন করছে খনি কোম্পানি সোমাইর।
সোমাইরের ৬৩ দশমিক ৪ শতাংশের মালিকানা ফরাসি কোম্পানি ওরানোর আর মাত্র ৩৬ দশমিক ৬৬ শতাংশের মালিকানা নাইজারের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সোপামিনের।
বিশ্বব্যাংকের তথ্যানুসারে, সোনার পরে আর্থিক দিক থেকে নাইজারের দ্বিতীয় বৃহত্তম রফতানি পণ্য ইউরেনিয়াম। এরপর দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। জনসংখ্যার প্রায় ৪২ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ২ কোটি ৫২ লাখ মানুষের মধ্যে ১ কোটির বেশিই ‘চরম দরিদ্র’।
অন্ধকারে নিমজ্জিত হবে ইউরোপ?
স্থানীয় অনেক গণমাধ্যমের খবর বলছে, অভ্যুত্থানের পর প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহমানে চিয়ানির নেতৃত্বে নাইজারের সামরিক শাসন ফ্রান্সে ইউরেনিয়াম রফতানি নিষিদ্ধ করেছে।
নাইজার থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের ৫০ শতাংশেরও বেশি ফরাসি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে ইউরেনিয়াম আমদানির প্রায় ২৪ শতাংশ নাইজার থেকে আসে।
ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, নিজেদের ৭০ শতাংশ বিদ্যুৎ পারমাণবিক শক্তি থেকে সংগ্রহ করে ফ্রান্স। আর সামগ্রিকভাবে বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ পারমাণবিক শক্তি থেকে সংগ্রহ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অন্যদিকে ইইউ’র পারমাণবিক শক্তির অর্ধেক কেবল ফ্রান্সেই উৎপাদিত হয়।
আরও পড়ুন: অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পেলো নাইজার
ফলে নাইজারে অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ফরাসি পারমাণবিক কেন্দ্রগুলোর জন্য ইউরেনিয়াম সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়েছে। অভ্যুত্থানের কারণে ফ্রান্সে ইউরেনিয়াম সরবরাহ যেমন বন্ধ হয়েছে, অঞ্চলটিতে ঔপনিবেশিক শোষণের ইতিহাসের কারণে তার সঙ্গে যুক্ত হয়েছে ফ্রান্সবিরোধী মনোভাবও; যা প্যারিস ও ব্রাসেলস উভয়ের জন্যই একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
যার নাইজার অভ্যুত্থানের প্রেক্ষিতে পশ্চিমা নেতাদের বক্তব্য-বিবৃতির দিকে খেয়াল করলে দিনের আলোর মতো স্পষ্ট হবে। অভ্যুত্থানের চার দিনের মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ফরাসি স্বার্থের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ‘তাৎক্ষণিক জবাব’ দেবে। অবশ্য তিনি ঠিক কোন স্বার্থের কথা বলছেন, তা উল্লেখ করেননি। না বললেও সারাবিশ্বই তাদের সেই স্বার্থের কথা জানে।
এদিকে অভ্যুত্থানের কারণে নাইজারের জন্য ইইউর নিরাপত্তা সহযোগিতা ও আর্থিক সহায়তা স্থগিত করার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসকদের বসানো নেতাদের স্বীকৃতি না দেয়ার ঘোষণাও দেয় ইইউ।
নাইজারে হামলা চালাবে ফ্রান্স!
নাইজারে গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটে। এর কয়েকদিন পর (৩১ জুলাই) নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে অভ্যুত্থানের পেছনে থাকা অন্যতম সামরিক কর্মকর্তা কর্নেল আমাদু আবদ্রামানে দাবি করেন, ক্ষমতাচ্যুত সরকার ফ্রান্সকে নিয়ামেতে হামলা চালানোর অনুমতি দিয়েছে। প্রেসিডেন্ট বাজোমের পররাষ্ট্রমন্ত্রী হাসুমি মাসুদু এ অনুমতি দিয়েছে বলে দাবি তার।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ নাইজারের আকাশপথ
তবে ক্ষমতাচ্যুত সরকার কীভাবে হামলা চালানোর অনুমোদন দিয়েছে, সেটি স্পষ্ট করেননি তিনি। এমনকি তার দাবির সমর্থনে কোনো প্রমাণও দেননি। এদিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবির সত্যতা নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, প্যারিস পশ্চিম আফ্রিকার দেশটিতে শুধুমাত্র বাজোমকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয় এবং দেশটিতে নিজস্ব স্বার্থ রক্ষাই তাদের আসল অগ্রাধিকার।
এরপর কী?
ইউরেনিয়ামের মজুত ও এর ওপর ফরাসিদের নির্ভরতা দারিদ্র্যপীড়িত অথচ সম্পদ-সমৃদ্ধ নাইজারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন নাইজারের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিগত বছরগুলোতে ব্যাপক বিনিয়োগ করলেও সেই প্রচেষ্টার সুফল যে মিলছে না- তার বড় প্রমাণ নিয়ামে’র নজিরবিহীন ফরাসিবিরোধী বিক্ষোভ।
বিশ্লেষকরা বলছেন, নাইজার ইউরেনিয়াম সরবরাহ বন্ধ করায় ইউরোপের জ্বালানি শক্তির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট ঝুঁকি থেকেও এই সংকটকে বড় বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, নাইজারের অভ্যুত্থান এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা ইউক্রেনে মস্কোর আক্রমণ থেকেও ভয়াবহ।
প্রেক্ষাপটে নতুন মুখ
চলমান পরিস্থিতির মধ্যেই নাইজারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আলী মহামানে লামিন জেইনকে নিয়োগ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সোমবার (৭ আগস্ট) নাইজারের জাতীয় টেলিভিশন চ্যানেলে জেইনের নিয়োগ নিয়ে একটি ডিক্রি (আদেশ) জারি করা হয়।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করার পর ২৮ জুলাই নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহমানে চিয়ানি। এর এক সপ্তাহ পরই জেইনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে আদেশ জারি করেন তিনি।
আরও পড়ুন: নাইজারে সামরিক হামলা চালাবে পশ্চিম আফ্রিকা!
১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা মামাদু তান্ডজার সময়ে দেশটির অর্থমন্ত্রী ছিলেন জেইন। বর্তমানে প্রতিবেশী দেশ চাদে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি আইভরি কোস্ট ও গ্যাবনে একই প্রতিষ্ঠানে একই দায়িত্ব পালন করেছেন। ৫৮ বছর বয়সী জেইন আশা করছেন, তিনি নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দিতে সক্ষম হবেন।