এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে শনিবার দেশ ছাড়বে বসুন্ধরা

August 12, 2023 at 06:42AM
from somoynews.tv | RSS Feed
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলতে শনিবার (১২ আগস্ট) বিকেলে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বসুন্ধরা কিংস। শারজা স্টেডিয়ামে ১৫ আগস্ট শারজা এফসির মুখোমুখি হবে তারা। নিজেদের প্রথমবারের আসরে একটা নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ব্রুজনের শিষ্যরা।
দেশের ফুটবলে একটা ইতিহাস গড়ার দোরগোড়ায় বসুন্ধরা কিংস। ক্লাব ফুটবলে টানা চারবারের শিরোপাজয়ী দলটা এবার প্রথমবারের মতো লড়বে মহাদেশীয়ও ক্লাব ফুটবলে। প্রতিপক্ষ শারজাহ এফসি।
বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলতে যাবে বসুন্ধরা। এমন একটা ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় ফুটবলাররা। প্রত্যাশা জয় নিয়ে নতুন এক ইতিহাস গড়ার।
শারজাহ এফসিতে আছে বার্সার সাবেক তারকা মিরালেম পিয়ানিচ, স্প্যানিশ পাকোয়া আল কাসার, রোমা সেন্টারব্যাক কস্টার মোনালাস। তবে চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে প্রস্তুত কিংসরা।
আরও পড়ুন: মিউনিখের ফ্লাইটে ওঠার আগে কেইনকে আটকে দিল টটেনহ্যাম
দলের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘আমি কোচ, আমি জানি আমর ফুটবলাররা কেমন। মাঠে এগারো জনের বিপক্ষে এগারো জন খেলবে। ওই দলে কারা আছে তা নিয়ে ভাবতে চাই না। আমরা তিন সপ্তাহ অনুশীলন করছি। আমাদের প্রস্তুতিও দারুণ। আশা করছি বসুন্ধরা ও বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারব।’
আরও পড়ুন: সেমিফাইনাল নিশ্চিত করতে শনিবার মাঠে নামছে মেসির মায়ামি
১৫ আগস্ট বাছাই পর্বে শারজাহ এএফসির বাধা টপকাতে পারলে ইরানের ক্লাব ট্রাক্টরকে প্রতিপক্ষ হিসেবে পাবে বসুন্ধরা। তাদের হারাতে পারলে সুযোগ থাকবে আল নাসরের বিপক্ষে খেলার। তারকা সমৃদ্ধ দলটার বিপক্ষে খেলতে মুখিয়ে রাকিব-তপুরা।