জয় পেলেও ব্যাটিংয়ে ভুগেছে ভারত

July 28, 2023 at 09:04AM
from somoynews.tv | RSS Feed
ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৪ রান গুটিয়ে দিয়েও জয় পেতে ভুগতে হয়েছে ভারতকে। ইশান কিশান একা ৫২ রান করলেও বাকি ৬৩ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে তারা।
বার্বাডোসে বৃহস্পতিবার (২৭ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।
ভারতের জয়ে বল হাতে বড় ভূমিকা ছিল কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার। কুলদীপ ৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। ৩৭ রান খরচায় ৩ উইকেট তুলে নেন জাদেজা।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরুতেই দলকে উইকেট এনে দেন শার্দুল ঠাকুর। এরপর হার্দিক পান্ডিয়া ও অভিষিক্ত মুকেশ কুমারের আক্রমণে ৪৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক শাই হোপ ও এক বছর পর দলে ফেরা শিমরন হেটমায়ার। কিন্তু তাদেরকে ৪৩ রানের বেশি জুটি গড়তে দেননি জাদেজা।
আরও পড়ুন: দাপুটে জয়ে কোয়ালিফায়ারে মুশফিকরা, ছিটকে গেল তাসকিনরা
১১ রান করে আউট হন হেটমায়ার। তার পরেই ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ধ্বস নামে। দুই স্পিনার জাদেজা ও কুলদীপ দুই দিক থেকে আক্রমণে এসে ঘায়েল করে দেন ক্যারিবীয়দের। হোপ ৪৩ রান করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না। কুলদীপ তিন ওভার বল করে ৪টি উইকেট নেন। অন্য দিকে জাদেজা নেন ৩টি উইকেট।
সহজ লক্ষ্য পেয়ে এদিন ওপেনিংয়ে নামেননি অধিনায়ক রোহিত। সুযোগ করে দেন দলের অন্যদের। দলের হয়ে ইনিংসের শুরুটা করেন শুভমান গিল ও ইশান কিশান। ইশান ৫২ রান করলেও শুভমন মাত্র ৭ রানে আউট হন। অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। তিন নম্বরে বিরাট কোহলির জায়গায় সূর্যকুমার যাদব খেললেও সুবিধা করতে পারেননি। চার নম্বরে নামা হার্দিক দুর্ভাগ্যের শিকার।
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত আয়ারল্যান্ডের
ইশানের মারা বল ক্যাচ ধরতে গিয়েছিলেন বোলার ইয়ানিক কারিয়া। ধরতে পারেননি। কিন্তু তার হাতে লেগে বল নন স্ট্রাইকারের দিকের উইকেট ভেঙে দেয়। হার্দিক ফেরার চেষ্টা করলেও ব্যাট মাটিতে ঠেকাতে পারেননি। আউট হয়ে যান মাত্র ৫ রান করে। সুযোগ চলে আসে শার্দুল ঠাকুরের কাছে। কিন্তু পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত জাদেজাকে নিয়ে জয় নিশ্চিত করেন রোহিত।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী শনিবার (২৯ জুলাই)। দুই দিন বিরতি দিয়ে হবে শেষ ম্যাচ।
]]>