গণমাধ্যম ও সমর্থকদের কাছে যে অনুরোধ জ্যোতির

July 14, 2023 at 08:58AM
from somoynews.tv | RSS Feed
দেশের নারী ক্রিকেটের উন্নতির জন্য সমর্থক ও গণমাধ্যমের কাছে আরও বেশি সমর্থন চান নিগার সুলতানা জ্যোতি। পাশাপাশি খেলাগুলো টিভিতে সরাসরি সম্প্রচার করলে পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এই ক্রিকেটার। বড় সুযোগ থাকার পরেও সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় আক্ষেপ আছে, তবে ওয়ানডে ফরম্যাটে তা মেটানোর লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের।
লম্বা সময়ের ক্যারিয়ার হলেও, মিরপুরে কখনোই যে খেলার সুযোগ পাননি জ্যোতি-ফাহিমারা। ১১ বছরের অপেক্ষা শেষে ভারত সিরিজেই রেকর্ডের পাতা খুললেন বাংলার মেয়েরা। টি-টোয়েন্টিতে ৫ বছর আর দ্বিপক্ষীয় সিরিজে প্রথমবারের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে জয়ের স্বাদ লাল-সবুজের। ঐতিহাসিক মুহূর্তটা তাই পরিবারের সঙ্গে ফ্রেমবন্দী করে রাখলেন ক্রিকেটাররা।
তবে এমন দিনেও আক্ষেপ রয়েছে। ভারতের মতো শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ, তবুও আগ্রহ দেখায়নি পৃষ্ঠপোষকরা। এমনকি কোনো টিভি চ্যানেলও রাজি হয়নি খেলা সম্প্রচারে। মাঠে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও, তিন ম্যাচেই উপস্থিতি দেখা গেছে হাতেগোনা কজন সমর্থককে।
আরও পড়ুন: বাংলার বাঘিনীদের ভারতবধ
দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে তাই গণমাধ্যম-দর্শকদের এগিয়ে আসার অনুরোধ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। প্রচারণা বাড়লে যে পৃষ্ঠপোষকরাও আগ্রহ দেখাবে, সে কথাও মনে করিয়ে দিলেন এই ক্রিকেটার।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘যখন আমাদের ম্যাচগুলো সম্প্রচার হবে, তখন দর্শকরা আসবে অবশ্যই। আমাদের খেলা অতটা সম্প্রচার হয় না, তাছাড়া আমাদের সংবাদগুলো অতটা ছড়ায় না। দর্শকদের আবেদন জানাব, তারা যেন আসেন। কারণ গ্যালারি থেকে তাদের বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান অন্যরকম একটা আত্মবিশ্বাস জোগায়।’
আরও পড়ুন: জাহানারা-রুমানাকে ছাড়াই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সূবর্ণ সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। শেষ ম্যাচ জিতে তাই উদযাপন করেনি নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টিতে আধিপত্য দেখানোর পর গোটা দলের মনোযোগ ওয়ানডে সিরিজের দিকে। সে সিরিজ জিতে হিসেবটা সমান করার লক্ষ্য এশিয়া কাপ জেতা দলটির।
টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আরেকটু ভালো খেললে সিরিজ আমাদের হতো। এখনো অনেক বাকি আছে। যার কারণে উদযাপন হয়নি। উদযাপনের একটা পরিপূর্ণতা আছে। একটা ম্যাচ খেলেই না। সামনে আমাদের ফরম্যাটটা আসতেছে। ওখানে ভালো কিছু করে, তখন আমরা ওভাবে উদযাপন করব, ইন-শা-আল্লাহ।’
দুইদিনের বিরতি শেষে একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে দুই দল।
]]>