অ্যাশেজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

June 05, 2023 at 06:12AM
from somoynews.tv | RSS Feed
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। তার আগেই বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। ইনজুরির কারণে দলের প্রথম পছন্দের স্পিনার জ্যাক লিচ ছিটকে গেছেন। রোববার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অ্যাশেজের আগে ছিটকে গেছেন লিচ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন তিনি। তবে ম্যাচের শেষ দিনে উপসর্গ দেখা দেয়। পরে স্ক্যান করার পর লিচের স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে।
স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ড দলের প্রথম পছন্দ হয়ে ওঠেন জ্যাক লিচ। নতুন অধিনায়কের অধীনে লিচ খেলেছেন ১৫ ম্যাচ। যেখানে তার উইকেট ৪৫টি। খেলেছেন দুইটি অ্যাশেজ সিরিজও।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে স্টোকসের বিশ্বরেকর্ড
২০১৮ সালে টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত এই সংস্করণে ৩৫ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন লিচ। খেলেছেন গত দুই অ্যাশেজ সিরিজেই। ২০১৯ সালে লিডসে ইংলিশদের ১ উইকেটের অবিশ্বাস্য জয়ের ম্যাচে বেন স্টোকসের সঙ্গে শেষ উইকেট জুটির অংশ ছিলেন তিনি।
শনিবার (৩ জুন) প্রথম দুই অ্যাশেজের দল ঘোষণার পরেই লিচকে হারাল ইংল্যান্ড। যদিও তার বদলি কে হবেন তা এখনও জানায়নি বোর্ড। তবে খুব তাড়াতাড়িই তা জানানো হবে বলে নিশ্চিত করেছেন ইসিবি।