ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারত’ মানচিত্র

June 03, 2023 at 06:07AM
from somoynews.tv | RSS Feed
সম্প্রতি ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এই সংসদ ভবন উদ্বোধনের আগে থেকেই বিতর্কের ঝড় উঠেছিলো ভারতে। এবার সেই ঝড়ে নতুন মাত্রা যোগ করেছে সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা ‘অখণ্ড ভারতের’ এক মানচিত্র।
মানচিত্রে সেই অখণ্ড ভারতের মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার। এই মানচিত্র বিতর্কের ঝড় তুলেছে নেপালের রাজনীতিতে। খবর দ্য হিন্দুর।
ম্যুরালে নেপালের লুম্বিনীকে অখণ্ড ভারতের অঙ্গ হিসেবে দেখানো হয়েছে। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালিদের কাছে এক পবিত্র স্থান ও দেশের গুরুত্বপূর্ণ অংশ। এটা তাদের এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র।
মানচিত্র নিয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই এক বিবৃতিতে বলেন, ‘এই মানচিত্র নেপালসহ ভারতের অন্য প্রতিবেশী রাষ্ট্রে অহেতুক ও ক্ষতিকর বিতর্কের জন্ম দিতে পারে। বিভিন্ন প্রতিবেশীর সঙ্গে ভারতের যে বিশ্বাসের ঘাটতি রয়েছে, তা বাড়িয়ে দেওয়ার মতো উপাদান এ মানচিত্রে রয়েছে।’
আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন মোদি
গত ২৮ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। সে সময় ম্যুরালটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল। উদ্বোধনের দিন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ম্যুরালটিকে "অখন্ড ভারত" হিসাবে বর্ণনা করেছিলেন।
উল্লেখ্য, বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমল দহল প্রচণ্ড দিল্লি সফরে রয়েছেন। গত বৃহস্পতিবার মোদির সঙ্গে প্রচণ্ডর আনুষ্ঠানিক আলোচনার সময় মানচিত্রের বিষয়টি নেপালি মিডয়ায় উঠে আসে এবং বিতর্কের ঝড় তুলে।
ভারত ও নেপালের মধ্যে কালাপানিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২০১৯ সালে ভারতের একটি রাজনৈতিক মানচিত্রে কালাপানিকে উত্তরাখন্ড রাজ্যের অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল। এরপর কালাপানিকে নিজেদের দাবি করে পাল্টা মানচিত্র বের করেছিল নেপাল।
আরও পড়ুন: ভারতের নতুন সংসদকে কফিনের সঙ্গে তুলনা
যদিও গত বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে যাবতীয় বিরোধ তারা মীমাংসা করবেন।
]]>