১১ হাজারের ক্লাবে জো রুট

June 03, 2023 at 06:21AM
from somoynews.tv | RSS Feed
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট যোগ দিয়েছেন ১১ হাজার রানের ক্লাবে। টেস্টের ইতিহাসে ১১তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে যোগ দিলেন রুট।
শুক্রবার (২ জুন) ইংল্যান্ডের লর্ডসে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে ব্যাট হাতে ৫৯ বলে ৫৬ রান করেন রুট। তাতেই টেস্টে ১১ হাজার রান পূর্ণ করেন এই ইংলিশ ব্যাটার।
আরও পড়ুন: লর্ডসে ৯৩ বছরের রেকর্ড ভাঙলেন ডাকেট
লাল বলের ক্রিকেটে রুটকে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। ২০১২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে রুট ইংল্যান্ডের টেস্ট লাইন আপের মেরুদণ্ড হয়ে ওঠেন। এরপরে তার ক্যারিয়ার শুধু ওপরের দিকেই উঠেছে।
এর আগে অ্যালিস্টার কুক ২৫২ ইনিংস খেলে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন। আর রুট মাত্র ২৩২ ইনিংস খেলেই কুকের ক্লাবে যোগ দিলেন। টেস্টে ১১ হাজার রান দ্রুত সময়ে পূর্ণ করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তিনি ২০৮ ইনিংস খেলেই এই ক্লাবে যোগ দেন।