বার্সেলোনা সতীর্থের দল ছাড়ার খবরে আবেগী মেসি

May 11, 2023 at 05:25AM
from somoynews.tv | RSS Feed
বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসির সাবেক সতীর্থ সার্জিও বুস্কেটস। এই খবরে আবেগী হয়ে পড়েছেন আর্জেন্টাইন তারকা। ইনস্টাগ্রামে সতীর্থের বিদায়ী ঘোষণায় পর আবেগপূর্ণ বার্তা দিয়েছেন মেসি।
বুস্কেটসের প্রশংসা করে মেসি বলেন, ‘তোমার পরিবার ও তোমাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাই। মাঠ ও মাঠের বাইরে সবকিছুর জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক ভালো-খারাপ মুহূর্ত কাটিয়েছি। ওগুলো আজীবন থেকে যাবে।’
আরও পড়ুন: মেসি সৌদি আরবে যাক, চান না সমর্থকরা
বুধবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগতাড়িত এক ভিডিও বার্তায় বুস্কেটস বার্সেলোনা ছাড়ার কথা জানান। তিনি বলেন, ‘এটা সম্মানের, এটা গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি কিন্তু সবকিছুর শেষ আছে। খুব সহজে নেয়া সিদ্ধান্ত, দল ছাড়ার সময়টা এসে গেছে। যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।’
২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। পেপ গার্দিওলা যখন বার্সেলনার বি দলের কোচ, সে সময় প্রথমবারের মতো তিনি বার্সার বি দলে সুযোগ পান। ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় বুস্কেটসের। এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনা এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে। একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব দেখায় তারা। বুস্কেটস সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
আরও পড়ুন: মেসি থেকে হলান্ডকে এগিয়ে রাখছেন ফিগো
বুস্কেটসই এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক। ৪৮টি ক্লাসিকো ম্যাচে ২৩টিতেই জয় দেখেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। ৭১৮টি ম্যাচ খেলে এই স্প্যানিশ বার্সেলোনার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। ব্লাউগ্রানা জার্সি গায়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা খেলোয়াড়দেরও একজন তিনি। ৩১টি মেডেল জয়ী এই তারকার অর্জনের ঝুলিতে আছে ৮টি লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা।