কানাডায় জানাজা বুধবার, মরদেহ দেশে আসবে শুক্রবার

May 10, 2023 at 09:33AM
from somoynews.tv | RSS Feed
কানাডার মন্ট্রিয়লে নিহত বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের জানাজা স্থানীয় সময় বুধবার (১০ মে) বাদ জোহর ইসলামিক সেন্টার অব কুইবেকে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ বাংলাদেশে আসবে।
তুর্কি এয়ারলাইন্সের কর্মকর্তা নাঈম জানিয়েছেন, শুক্রবার (১২ মে ) ভোর ৫টার দিকে তুর্কি এয়ারলাইন্সের এফকে-টিকে ৭১২ বিমানে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসিনের (২৬) মরদেহ ঢাকায় পৌঁছবে।
এরইমধ্যে কানাডায় বাংলাদেশ কমিউনিটির সহায়তায় ফাহিমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: কানাডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ ১২ মে দেশে পৌঁছবে
এর আগে ২৬ এপ্রিল মন্ট্রিয়লের ডাউনটাউনের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিন বছর ধরে সে মন্ট্রিয়লে বসবাস করছিল। মন্ট্রিয়ল সিটি পুলিশ জানায়, কয়েকদিন ধরে চেষ্টা করেও তার বাবা-মা বাংলাদেশ থেকে ছেলে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং তারা বিষয়টি মন্ট্রিয়ালে তার বন্ধুদের জানান। পরে ফাহিমের বন্ধুরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।