নিখোঁজের পরদিন সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

February 12, 2023 at 12:48AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর চকবাজারের কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকায় সেপটিক ট্যাংক থেকে মো. আরিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাইসুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ব্যাপারে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, বাসার সামনে থাকা সেপটিক ট্যাংকে কোনো লক ছিল না। ওপরে একটি কাঠের টুকরো দিয়ে ঢাকা ছিল। শিশুটি খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত আরিয়ানের বাবার নাম মো. আরিফ হোসেন। কাজী রিয়াজউদ্দিন রোড মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
কাজী আল-আমিন/কেএসআর