ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৩০৮

December 06, 2022 at 04:44AM
from somoynews.tv | RSS Feed
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৩২ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭২ জন এবং ঢাকার বাইরের ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৮ হাজার ৯২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ৩৯০ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ৫৩৭ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে বেশি মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত ৫৮ হাজার ৯২৭ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৩৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরের ২০ হাজার ৮৮২ জন।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৫৪ জনের। চলতি বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।