মামলার পর আসামি ধরতে অভিযানে পুলিশ


October 12, 2022 at 11:54PM
from jagonews24.com | rss Feed

অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে বিউটি পার্লারের কাজ করতেন এক অন্তঃসত্ত্বা (২৫)। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডিতে এমনই এক ফোনকল পেয়ে সেখানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনার পর থেকে ধানমন্ডি থানা এলাকায় বলা হলেও পরে জানা যায় ঘটনাটি পড়েছে শেরেবাংলা নগর থানা এলাকায়। ভুক্তভোগীর পরিবার হাসপাতাল থেকে থানায় গিয়ে মামলা করেন।

রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ওই নারীর স্বামী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরে আমরা ওই নারীর দেওয়া তথ্যমতে আসামিদের গ্রেফতারে শুক্রবাদ এলাকায় অভিযান চালাচ্ছি।

বুধবার (১২ অক্টোবর) ভুক্তভোগী নারীর বড় ভাই জাগো নিউজকে বলেন, এক নারীর কাছ থেকে অনলাইনে বিউটি পার্লারের অর্ডার পেয়ে সাভার থেকে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় যায় আমার বোন। সেখানে সে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে দেয় আমার বোন। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে এক নারী তার পার্লারের কাজ করানোর জন্য ফোন দেন। পরে সাভার থেকে রাইড শেয়ারিংয়ে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছে এলে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান।

এরপর ওই বাসার দোতলায় নিয়ে একটি রুমের ভেতরে তাকে ঢোকানো হয়। এসময় পার্লারের কাজ করানোর কথা বলা ওই নারী টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে ভুক্তভোগী নারীকে দিয়ে যায়। অভিযুক্তদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।

তিনি আরও বলেন, তিনজন পুরুষ আমার বোনকে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে। না খেলে মারধর করে। পরে দীর্ঘক্ষণ ধরে তিনজন ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল নিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার আগে হুমকি দিয়ে বলা হয়, ‘এখান থেকে চলে যাবি, অন্যথায় তোকে মেরে ফেলবো।’ এসময় আমার বোন প্রাণ ভিক্ষা চেয়ে ও এ ঘটনা কাউকে না বলার আকুতি প্রকাশ করে বলে, ‘আমার কাছে ভাড়া নেই, ১০০ টাকা দেন চলে যাবো।’ বাসা থেকে অনেক কষ্টে নিচে নেমে রাস্তায় এলেও অভিযুক্তরা রাস্তায় এসেও হুমকি দিয়ে বলে, সোজা বাসায় চলে যাবি।

ভুক্তভোগীর বড় ভাই আরও বলেন, আমার বোন ঘটনাস্থল থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। তার স্বামীকে ফোন দিলে গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়। সাভার থেকে বুধবার ভোর ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টিটি/এমআইএইচএস


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url