আফগানদের জয়ের মন্ত্র ফাঁস করলেন দুর্জয়

September 01, 2022 at 06:22AM
from somoynews.tv | RSS Feed
আফগানদের পাওয়ার ক্রিকেটেই ব্যবধান গড়ে দিয়েছে। শুরুর ব্যার্থতার রেশ আর কাটাতে পারেনি বাংলাদেশ। হারে হতাশ হলেও টাইগারদের সাবেক অধিনায়ক আর বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকই জয় তুলে নিবে দল। স্বল্প পুঁজিতেও সাকিবের অধিনায়কত্বের করলেন প্রসংশা।
কোচ বদলায়, অধিনায়ক বদলায়, বদলায় ভেন্যু কিংবা প্রেক্ষাপট৷ কিন্তু ফেরে না ম্লান ঠোঁটে হাসি৷ শ্রীধরন শ্রীরাম যুগের প্রথম ম্যাচেও ব্যাটিংয়ে সেই মলিন চেহারা৷ মানসিক ভাবেই যে হেরে গেছে বাংলাদেশ।
আরও পড়ুন: শ্রীলঙ্কার কোনো বোলারই দেখেন না সুজন
এশিয়া কাপের প্রথম ম্যাচে কোন কিছুই হয়নি পরিকল্পনা মাফিক৷ সারাক্ষণ স্পিন জুজুর ভয় নিয়ে কি আর ম্যাচ জয় করা যায়! সেই সঙ্গে ব্যবধান গড়ে দিয়েছে পাওয়ার ক্রিকেট।
বাংলাদেশের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলেন, 'আমাদের পাওয়ারপ্লেটাও কাজে লাগাতে পারিনি। সেই জায়গাটায় যদি আমরা ভালো করতাম তাহলে দৃশ্যপট ভিন্ন হতো। আর দুই দলের পার্থক্যটা হচ্ছে পাওয়ার ক্রিকেটে। ফলে এইখানে আমাদের উন্নতি করতে হবে।'
ওপেনিং স্লট থেকেই ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে গেছে বাংলাদেশ৷ একটু সাহসী হওয়া যেতো না? দুর্জয় বলেন, 'টি-টোয়েন্টি খুব অল্প সময়ের খেলা। ফলে এইখানে কিন্তু প্রত্যেকটা বল কাজে লাগাতে হবে। এখানে সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ অনেক কম।'
তবে এখানও শেষ হয়ে যায়নি সব সম্ভাবনা৷ হাতে আছে এক দিন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা৷ সাবেক বিসিবি পরিচালক দুর্জয় বলেন, 'আমার কাছে মনে হয় আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফলে এই ম্যাচে আমাদের জেতার সুযোগ বেশি।'
আরও পড়ুন: অটোচয়েস প্রথা ভাঙতে হবে: সুজন
সঙ্গে লঙ্কা ম্যাচে টাইগার ব্যাটিং অর্ডারের পরিবর্তনের পরামর্শ সাবেক এই অধিনায়কের।