ডিএনসিসি এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না: মেয়র আতিক

June 10, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed
ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণ করতে হবে। সম্মানিত কাউন্সিলরদের সহায়তা নিয়ে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলব আমরা।’
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১৩তম করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ইতোমধ্যে শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান আছে। ডিএনসিসির কাউন্সিলরদের সহযোগিতায় এবং দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ অপসারণ কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন: বিশ্বব্যাংক থেকে ১২৭৬ কোটি টাকা ঋণ নিচ্ছে ডিএনসিসি
সভায় ডিএনসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক অবসরোত্তর ছুটিতে যাওয়ায় তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
করপোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সব কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।