যুবলীগ নেতার অপকর্ম নিয়ে রিপোর্ট করায় ৫ কোটি টাকার মানহানি মামলা
March 24, 2022 at 06:29AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরে এক যুবলীগ নেতার বেশকিছু অপকর্ম নিয়ে জাতীয় দৈনিক সমকালে প্রতিবেদন প্রকাশ করার পর বিষয়টিকে মানহানি দাবি করে ৫ কোটি টাকার মামলা করেছেন ওই যুবলীগ নেতা।
মামলায় সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।
গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বুধবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি (সি.আর মামলা নং ১৬৬/২০২২) দায়ের করেন।
আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন। আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ : ছেলের মুক্তি চেয়ে মায়ের আহাজারি
এ মামলায় অভিযুক্ত করা হয়েছে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনকে।
জানা যায়, গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উঠে আসে তার দলীয় পদ কেনাবেচা, অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদক ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়ার চিত্র। সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় তিনি ৫ কোটি টাকার মানহানীর অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন।
এদিকে, স্থানীয় সাংবাদিকরা মামলা হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। দাবি তুলছেন মামলা প্রত্যাহারের।