প্রোটিয়া বধের পুরস্কার হিসেবে মিলছে ৩ কোটি টাকা


March 24, 2022 at 06:05AM
from somoynews.tv | RSS Feed

দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯ বছরের দীর্ঘ প্রচেষ্টার পরে তাসকিন-তামিমরা প্রথম ম্যাচ জয়ের পাশাপাশি বাংলাদেশকে উপহার দিয়েছেন সিরিজ জয়ের স্বাদও। টাইগারদের এমন ইতিহাস সৃষ্টির দিনে সুখবর দিতে দেরি করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দুর্গম প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের আনন্দ দ্বিগুণ করে দিতে ঘোষণা করেছেন ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে টাইগারদের ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সিরিজ জয়ের পর সেঞ্চুরিয়নে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

এরপর এমন অর্জনে তামিমদের জন্য বিসিবি সভাপতি থেকে একটি বিশেষ ঘোষণার কথা জানিয়ে জালাল বলেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

এসময় জালাল ইউনুস আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।’

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকেই ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। তিন ফরম্যাটে এটি লাল সবুজের প্রতিনিধিদের ২০০তম জয়।

আরও পড়ুন: মুশফিকের অন্যরকম ডাবল সেঞ্চুরি

এদিন স্বাগতিকদের করা ১৫৪ রানের জবাবে খেলতে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস করেন ১২৭ রান। লিটন দাস ৫৭ বলে ৪৮ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম ও সাকিব আল হাসান। তামিম ৮২ বলে ৮৭ এবং সাকিব ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান।

এর আগে বল হাতে প্রোটিয়াদের একাই পর্যদুস্ত করেছেন টাইগার স্পিড স্টার তাসকিন। সাজঘরে পাঁচ স্বাগতিক ব্যাটারকে ফিরিয়ে ভেঙেছিলেন তাদের মেরুদণ্ড। তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রিটোরিয়াস ২০, মিলার ১৬ ও রাবাদা ৪ রান করেন।  এ নিয়ে ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিনের শিকার ৬৭ উইকেট। তিন ম্যাচ সিরিজে ৪.৮৬ ইকোনমি রেটে ১১২ রান দিয়ে ৮ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তাসকিন। ম্যাচপ্রতি তার গড় ১৪। এমন পারফরম্যান্সে শেষ ওয়ানডেতে ম্যাচসেরার পাশাপাশি জিতে নিলেন সিরিজে সেরার পুরস্কারও।

আরও পড়ুন: প্রত্যেক ডিপার্টমেন্টেই সেরা বাংলাদেশ

এর আগে সেঞ্চুরিয়নে গত ১৮ মার্চ সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। অন্যদিকে শেষ ম্যাচে জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তামিম ইকবাল বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url