পদত্যাগ নিয়ে যা বললেন ইমরান খান
March 24, 2022 at 06:49AM
from somoynews.tv | RSS Feed
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উঠছে আগামী শুক্রবার। এরই মধ্যে তার পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। এমন পরিস্থিতিতে পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন ইমরান খান। বলেছেন, যাই ঘটুক না কেন অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না তিনি। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের।
গত দুই বছর ধরে ইমরান খানের পদত্যাগের দাবিতে জোটবদ্ধভাবে আন্দোলন করছে দেশটির বিরোধী দলগুলো। সম্প্রতি দলগুলোর পক্ষ থেকে তার বিরুদ্ধে পার্লামেন্টের অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। বিরোধী সঙ্গে ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কিছু সদস্যও যোগ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, নিজ দলের মধ্য থেকেই পদত্যাগের দাবি উঠছে।
চলতি সপ্তাহে পিটিআই’র প্রতিষ্ঠাতা সদস্য নাজিব হারুন ইমরান খানের পদত্যাগ চেয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ‘ইমরান খানের পদত্যাগই চলমান সংকট সমাধানের একমাত্র পথ।’
কিন্তু পদত্যাগ করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন ইমরান খানও। তিনি বলেছেন, বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাবে পদত্যাগের জন্য একেবারেই প্রস্তুত নন তিনি। বুধবার রাজধানী ইসলামাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং তাদের (বিরোধীদের) চমকে দেব। আমি জানি, তারা চাপে আছে।’
গত ৯ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির সচিবালয়ে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব জমা দেন বিরোধী দলীয় এমপিরা। তাদের সেই প্রস্তাব আমলে নিয়ে আগামী শুক্রবার (২৫ মার্চ) ভোটাভুটির দিন ধার্য করেন অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার। পাকিস্তানের পার্লামেন্টারি নিয়ম অনুযায়ী, আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী সাত দিনে তিন ধাপে অনাস্থা ভোট হবে।
বুধবারের সংবাদ সম্মেলনে ইমরান খান দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমার ট্রাম্পকার্ড হলো, আমি আমার কোনো কার্ড গোপন রাখিনি। তাই কেউ যদি ভেবে থাকেন যে (অনাস্থা ভোটের মুখে পড়ার ভয়ে) পদত্যাগ করে আমি ঘরে বসে থাকব, সেক্ষেত্রে তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। পদত্যাগ করব না।’
পাকিস্তানের বিরোধীরা বরাবরই অভিযোগ করে আসছেন, সামরিক বাহিনীর মদতে ক্ষমতায় টিকে আছেন ইমরান খান। ইমরান অবশ্য বরাবরই এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।
আরও পড়ুন : রাশিয়ার পক্ষ নেওয়ায় ‘ক্ষমতাচ্যুত’ হচ্ছেন ইমরান খান!
সম্মেলনেও ইমরান খান বলেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করা উচিত নয় বিরোধীদের। তিনি আরও বলেন, ‘যদি সামরিক বাহিনী না থাকত, এই দেশ এতদিনে অন্তত তিন ভাগে ভাগ হয়ে যেত। সামরিক বাহিনীর সমালোচনা করা বা একে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করার অভ্যাস আমাদের পরিবর্তন করা উচিত।’
বিরোধীদের উদ্দেশে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, যদি কোনো কারণে তাকে ক্ষমতাচ্যুত হতেও হয়, তাহলেও নীতির সঙ্গে আপস করবেন না। কারণ দেশের জনগণ ও স্রষ্টার কাছে তিনি দায়বদ্ধ।
তার ভাষায়, ‘আমার নেতৃত্বাধীন সরকার যদি কোনো কারণে পড়েও যায়, তবুও আমি নিজের নীতির সঙ্গে আপস করব না। কারণ আমি দেশের জনগণ ও স্রষ্টার সঙ্গে বেঈমানি করতে পারি না। জনগণ আমার সঙ্গে আছেন। দেশের মোট জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশ আমাকে ও আমার দলকে সমর্থন করে।’
আরও পড়ুন : ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসায় ইমরান খান
]]>