চট্টগ্রামে বিচারকের ওপর হামলার ঘটনায় দু'জন রিমান্ডে
February 16, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed
চট্টগ্রাম নগরীতে বিচারকের ওপর হামলার মামলায় গ্রেফতার দু’জনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে একই ঘটনায় গ্রেফতার দুই নারীকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেছেন আদালত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
রিমান্ডের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর বলেন, ‘গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত রানা মর্তুজাকে পাঁচ দিন ও গাড়িচালক আব্দুর রহিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মাসুকা ও জিবানের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর জিইসি মোড়ে সস্ত্রীক হামলার শিকার হন চট্টগ্রামের মেট্রোপলিটন এক ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা, তার বোন মাসুকা সুলতানা ও জিবান সুলতানা এবং গাড়িচালক আব্দুর রহিমকে গ্রেফতার করেন। রানা মর্তুজার বোন মাসুকার স্বামী শিশির মাহমুদ এখনো পলাতক।
আরও পড়ুন: জিল্লুর ভান্ডারি হত্যা: দুইজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন
মামলার এজাহারে বলা হয়েছে, ও আর নিজাম রোডে একটি কফি শপ থেকে বের হয়ে ওই ম্যাজিস্ট্রেট ও তার স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ব্যক্তিগত গাড়ি এসে পেছন থেকে বিচারককে ধাক্কা দেয়। তিনি প্রতিবাদ করলে গাড়ি থামিয়ে পাঁচ জন নেমে আসেন। রানা মর্তুজাসহ আসামিরা বিচারকের সঙ্গে তর্কে জড়ান এবং নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়ার পরও তাকে নানাভাবে হেনস্তা করা হয়। বিচারক প্রতিবাদ করলে তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে রাস্তায় ফেলে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করেন।
আরও পড়ুন: কুমিল্লায় গ্রেফতার সেই ইকবালকে নোয়াখালীর ৪ মামলায় শোন অ্যারেস্ট
রানা মর্তুজার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয় নারায়ণপুর গ্রামে। বাসা নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে। রানা বেলজিয়ামে থাকেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এসেছেন। তার দুই বোন মাসুকা ও জিবানের বাসা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। তারা চট্টগ্রামে বেড়াতে এসেছিলেন।