নষ্ট হচ্ছে রেলের কোটি কোটি টাকার সম্পদ, হচ্ছে লোপাট


December 11, 2021 at 05:12AM
from somoynews.tv | RSS Feed

বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে আছে রেলের কোটি কোটি টাকার সম্পদ। ওয়াগন থেকে শুরু করে রেলের স্লিপার, পাতসহ মূল্যবান লোহার যন্ত্রাংশ জং ধরে ক্ষয়ে গেছে। আবার রাতের আঁধারে হচ্ছে লোপাট।

রেল কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সরকারি এসব সম্পদ লুটের পাশাপাশি মাদকসেবীদের নিরাপদ দুর্গ হয়ে উঠেছে সান্তাহার রেল জংশনের ইয়ার্ড কলোনি।

বিশিষ্টজনরা বলছেন, কোটি টাকার এসব যন্ত্রাংশ খোঁয়া যাওয়ার আগেই সঠিক ব্যবহার করা গেলে গতিশীল হতে পারে রেলখাত।

রেলের বিকল ওয়াগনগুলো স্লিপারের ওপর দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩ যুগ ধরে। ওপর থেকে ওয়াগনগুলো দৃশ্যমান হলেও ভেতরের সব ফাঁকা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব ওয়াগন থেকে খুলে নিয়ে গেছে অনেক যন্ত্রাংশ। আর এখন যা আছে তাও যেন খরচের খাতায় ওঠার অপেক্ষায়।

দেশের অন্যতম রেল জংশন সান্তাহার। এখানকার ইয়ার্ড কলোনিতে প্রায় দুই কিলোমিটার জুড়ে রেলের নানা যন্ত্রাংশ পড়ে আছে যুগের পর যুগ। পড়ে থাকা স্লিপার, ওয়াগন রেলের পাতসহ ভারি সব লোহার বস্তুতে গজে উঠেছে গাছপালা। খোলা আকাশের নিচে পড়ে থাকা অনেক যন্ত্রাংশে জং ধরে খসে পড়ছে।

স্থানীয়রা বলছেন, প্রায় ২০ বছর ধরে এখানে যন্ত্রগুলো পড়ে থাকতে দেখছি। নেশাখোররা এসে এখানে আড্ডা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসবের রক্ষণাবেক্ষণের পদক্ষেপ গ্রহণ করেনি।

আরও পড়ুন: বাংলাদেশের পাসপোর্টকে পুরো বিশ্ব সমীহ করবে: পররাষ্ট্রমন্ত্রী

তবে নিরাপত্তাকর্মীরা বলছেন, এখানে নেশাখোরদেরকে আড্ডা দিতে দেওয়া হয় না।

আর নওগাঁ কমিউনিস্ট পার্টির সভাপতি মো. মহসিন রেজা বলেন, সরকার এখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে সক্ষম বলে মনে করি।

এদিকে, দীর্ঘদিন পড়ে থাকা এসব যন্ত্রাংশ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণের প্রস্তুতি চলছে বলে দাবি রেল কর্মকর্তাদের।

সান্তাহার রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকরী প্রকৌশলী মো. আফজাল হোসেন বলেন, সৈয়দপুর থেকে একটা দল আসে। তারা ওই জিনিসগুলো যাচাই করে দেখে যে বাস্তবে ওইগুলো আছে কিনা বা এর সাইজ এবং ওজন কেমন হতে পারে। তারা এ ধরনের রিপোর্ট নিয়ে যায়। রিপোর্ট নেওয়ার পর তারা টেন্ডার আহ্বান করে।    

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url