কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান


December 17, 2021 at 11:53PM
from jagonews24.com | rss Feed

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশি তরুণরা। ফেসবুকভিত্তিক সংগঠন ‘কুয়েত প্রবাসী পেইজ’ ও প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ কুয়েত শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশটির জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে প্রবাসীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

রক্তদানে উপস্থিত কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ বলেন, প্রবাসের মাটিতে রক্তদানের মতো মহৎ উদ্যোগ নেওয়ায় কুয়েত প্রবাসী পেজের অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ। আশাকরি আগামীতে এটা অব্যাহত থাকবে। আমরা সবসময় এর সঙ্গে আছি এবং থাকবো।

কুয়েত বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আখতার বলেন, আজকের এই অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকের বিজয়ের দিনে মানুষকে নতুন জীবন দানে যে ব্লাড ডোনেট করবো এই ব্লাড মানুষের জীবন বাঁচাবে। বাঁচলে তারা যে শক্তিতে পরিণত হবে সেটা হবে মানবজাতির জন্য প্রশংসিত কাজ।

কুয়েত প্রবাসী গ্রুপের অ্যাডমিন জনি বলেন, বিজয়ের এই দিনে তৃতীয়বারের মতো আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। আজকে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সবার কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখব। প্রবাসে রেমিট্যান্সযোদ্ধারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ভালো কাজে দেশের মান বৃদ্ধি করে। রক্তদানের মতো মহৎ কাজে যারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়াও বক্তব্য দেন- কুয়েত বিএনপির সহ-সভাপতি সৈয়দ নওশাদ, আরটিএম নিউজের চিফ এডিটর আবুল কাশেম, কুয়েত প্রবাসী গ্রুপের এডমিন রুবেল হাসানসহ অন্যান্যরা।

এমআরএম/এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url