সন্তানদের অবহেলায় মৃত্যুর অপেক্ষায় শতবর্ষী মা
November 25, 2021 at 05:46AM
from somoynews.tv | RSS Feed
রাখি মন্ডল। বয়স ১০৭ বছর অতিক্রম করেছে। স্বামী রিকাত মন্ডল অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। রাখি মন্ডল এখন শ্রবণ শক্তিও হারিয়েছেন। দুই সন্তানের অযত্ন অবহেলায় পরপারের অপেক্ষায় রয়েছেন তিনি।
রাখি মন্ডলের আশ্রয় হয়েছে নিজ বাড়ির একটি ভাঙ্গা ঘরে। অথচ দুই ছেলে থাকেন রঙ্গিন দালান কোঠায়। এই অমানবিক ঘটনাটি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের।
জানা গেছে, রাখি মন্ডল ও তার স্বামী মৃত রিকাত মন্ডল এক সময় জীবনের সবটুকু শ্রম দিয়েছেন পরিবারের জন্য। কিনেছিলেন কিছু জমিও। অথচ বৃদ্ধ বয়সে স্যাঁতস্যাঁতে পাঁচ হাতের মধ্যে পাট কাঠির তৈরি একটি ঘরে জীবন কাটাতে হচ্ছে তাকে।
স্থানীয়রা জানান, দুই ছেলে রয়েছে রাখি মন্ডলের। বড় ছেলে আনছার মন্ডল ও ছোট ছেলে ছামছু মন্ডল। তাদেরও ছেলে মেয়ে হয়েছে। সবাইকে বিয়ে দিয়ে নিজ বাড়িতে দালান কোঠায় রেখেছেন। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় কঠোর পরিশ্রম করে গড়েছিলেন চাষাবাদ করার জন্য কিছু জমি ও বসত ভিটা। অনেক কষ্ট করে দুই সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানরাই এখন তাকে অযত্ন অবহেলায় ফেলে রেখেছে। দেখার যেন কেউ নেই। পাঁচ হাতের মধ্যে পাটকাঠি দিয়ে তৈরি একটি কাঁচা ঘরে একটি থালা, কলসি, গ্লাস ও মাটিতে ভেজা রয়েছে বিছানা। খাওয়া দাওয়া সব কিছু ওই টুকু জায়গার মধ্যেই করতে হয় তাকে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু
রাখি মন্ডলের ছেলে আনছার মন্ডল জানান, তার মা অসুস্থ। ভালোভাবে চলাফেরা করতে পারে না। বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরও অনেক বয়স হয়ে গেছে। তাই ছুপরি ঘরে রাখা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন জানান, অবলিম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।