গার্মেন্টসে অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি
November 24, 2021 at 11:53PM
from jagonews24.com | rss Feed
দেশের গার্মেন্টস খাতে এ পর্যন্ত যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এসব ঘটনায় সরকারের এ খাত সংশ্লিষ্টদের জবাবদিহিতার ঘাটতি আছে। আমরা এর জবাবদিহিতা নিশ্চিতকরণ চাই। আমরা একটি শক্ত শ্রম আইন চাই। দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইনের বাস্তবায়ন চাই।
বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
তাজরীন অগ্নিকাণ্ডে নিহতসহ অনান্য কল-কারখানায় নিহত বিভিন্ন শ্রমিকদের স্মরণে মতবিনিময় সভার আয়োজন করে ব্লাস্ট, সেইফ অ্যান্ড রাইটস এবং ব্লিস।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসআরএস’র নির্বাহী পরিচালক মো. সেকেন্দার আলী মিনা বলেন, শ্রমিকদের ন্যায্য যে পাওনা সেটা তো বড় বিষয়, তাদের আইনি যে পাওনা তারা তা পাচ্ছে না। শ্রমিকদের মজুরির কথা আসলে তারা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, তা নির্ধারণ করে। একজন শ্রমিক শুধু বাঁচবে আর শ্রম দেবে, এ জন্যই কি শুধু শ্রম দেয়? শ্রমিকদের পরিবার আছে সন্তান আছে। ভবিষ্যতের নিশ্চয়তার বিষয়টাও ভাবতে হবে।
ব্লাস্ট’র উপ-পরিচালক মো. বরকত আলির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন, শ্রম আদালতের আইনজীবী মো. সেলিম আহসান খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি ড. এম এম মোল্লা প্রমুখ।
এমআইএস/এমএইচআর