বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
November 24, 2021 at 11:44PM
from jagonews24.com | rss Feed
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আপ্যায়ন ফাস্টফুডের পেছনের পশ্চিম পাশের কার পার্কিং এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার বয়স প্রায় ৩৫ বছর।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি ওই ব্যক্তি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশে ভিক্ষা করতেন। আজ অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করবে বলে ধারণা করছি।
এমএইচআর