শ্রমিকদের পরিবারকে আইএলও কনভেশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি
November 24, 2021 at 11:35PM
from jagonews24.com | rss Feed
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে আইএলও কনভেনশন-১২১’র মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
বুধবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাজরিন ফ্যাশনে অগ্নিকণ্ডের ৯ বছর উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও শোক র্যালিতে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, তাজরিন ট্রাজেডির ৯ বছর অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্তরা এখনো সঠিক বিচার পায়নি। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে ভয়াবহ ‘হত্যাকাণ্ডের’ ঘটনায় নিহত ১১৩ জন শ্রমিক-কর্মচারী এবং আহত হয়েছিল প্রায় ২ শতাধিক শ্রমিক। এটি একটি অগ্নিকাণ্ড মনে হলেও প্রকৃত অর্থে মালিকপক্ষের একটি সুপরিকল্পিত ‘হত্যাকাণ্ড’।
বক্তারা আরও বলেন, আমরা তাজরিন ‘হত্যাকাণ্ডে’ দায়ীদের সর্বোচ্চ শাস্তি, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে আইএলও কনভেনশন-১২১ মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান ও আহত শ্রমিকদের সু-চিকিৎসা ও পুনর্বাসন চাই। প্রায় ২ শতাধিক শ্রমিক-কর্মচারী বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করে আজও মানবেতর জীবনযাপন করছে। অগ্নিকাণ্ডে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।
এমআইএস/এমএইচআর