শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি পূরণ করুন: ন্যাপ


November 24, 2021 at 11:26PM
from jagonews24.com | rss Feed

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া চালু রাখার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ১৯৬৯ সালে শিক্ষার্থীদের ১১ দফা দাবির অন্যতম একটি ছিল পরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালু করতে বাধ্য হয়। যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও অব্যাহত ছিল।

তারা আরও বলেছেন, সম্প্রতি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাসমালিকরা ছাত্রদের সেই সুযোগ না দেবার ধৃষ্টতা দেখায় কিভাবে? সরকারের উচিত শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি দ্রুত পূরণ করা।

বুধবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিতে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একাত্মতা জানিয়ে ন্যাপ নেতারা বলেন, রাজধানীসহ দেশের অনেক জায়গায় শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলনে নেমেছে। তাতে বাড়তি উত্তেজনা যোগ করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের এই ভূমিকা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে ছাত্রদের যে আন্দোলন চলছে তাতে হামলা করেছে ছাত্রলীগ। যা নিন্দনীয় ও উদ্বেগজনক।

তারা বলেন, ভাড়া বাড়ানোর কারণে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তারা ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেনি, কোনো ওজর আপত্তিও তোলেনি। তারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হোক এই দাবিতে আন্দোলনে নেমেছে। এটা এমন কোনো জটিল বিষয় নয়। কিন্তু জটিল করে তোলা হচ্ছে।

নেতারা আরও বলেন, আইয়ুব খানের মতো শাসক যেসব দাবি পূরণ করেছিলেন সেগুলো তো স্বাধীনতার পর স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন করার কথা। কেন করা হয়নি সেই প্রশ্ন মনে জাগছে আজকের শিক্ষার্থীদের আন্দোলন এবং মন্ত্রীদের আচরণ দেখে। সরকারের মন্ত্রীরা নানা সময়ে বক্তব্য নিয়ে সেটিকে আরও তামাশার বিষয় বানিয়ে ফেলেছেন।

কেএইচ/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url