জাভিই বার্সেলোনার যোগ্য কোচ: মেসি
November 25, 2021 at 06:20AM
from somoynews.tv | RSS Feed
পিএসজিতে সতীর্থদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন মেসি। এ মৌসুমে প্যারিসিয়ানদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বলে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
যাদের কারণে একদিন বার্সেলোনা ছেড়েছেন সময় এলে তাদের খুঁজে বের করবেন বলেও জানান তিনি। মেসির মতে বার্সেলোনার জন্য জাভিই যোগ্য কোচ। রোনালদোর সঙ্গে তার পারফরমেন্সের তুলনা সব সময়েই উপভোগ্য তার কাছে।
২১ বছরের বন্ধন ছিন্ন হয়েছে গেল আগস্টে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করেনা। মেসিও নতুন ঠিকানায় মানিয়ে নেয়ার চেষ্টা করছেন নিজেকে। বার্সেলোনা ছাড়ার পর সবচেয়ে বড় চিন্তায় ছিলেন ফ্রান্সে নতুন ঠিকানায় কিভাবে মানিয়ে নেবেন তিনি ও তার পরিবার। সন্তানদের জন্য সুন্দর পরিবেশের ভানা ছিলো মেসির মনজুরে।
তবে, আস্তে এখন সব মানিয়ে নিয়েছে তার পরিবার। মেসি নিজেও জানালেন পিএসজিতে দারুন কাটছে তার সময়। এ মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন আর্জেন্টাইন তারকা।
লিওনেল মেসি বলেন, পিএসজিতে ভাল আছি আমি। সবার সঙ্গে ভাল বোঝাপড়াও হয়ে গেছে। গোল করতে পারছি এটাই উপভোগের বিষয় আমার জন্য। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। এ মৌসুমে পিএসজি যেভাবে খেলছে আশা করছি এবার হয়ত আমরা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিতে পারবো। এটাই আমার স্বপ্ন।
আরও পড়ুন: অবসরের ঘোষণা দিয়ে পাপনকে নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
বার্সেলোনা ছেড়ে এলেও মনটা পড়ে থাক স্পেনেই। ক্লাবের ভাল মন্দের খোঁজ খবর নিয়মিত রাখেন। নতুন কোচ জাভি বার্সেলোনার জন্য যোগ্য কোচ বলেই স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন মেসি। যাদের কারণে একদিন বার্সা ছেড়েছেন, সুযোগ পেলে তাদের খুঁজে বের করবেন বলেও হুঙ্কার দিয়ে রাখলেন এই তারকা।
মেসি আরো বলেন, জাভি জানে বার্সেলোনাকে সাফল্যে ফেরাতে চাইলে কি করতে হবে। দানি আলভেস যোগ দেয়াতে আরো ভাল হয়েছে। আমি বার্সেলোনা ছাড়তে চাইনি। কিন্তু ওরা চুক্তি নবায়ন করতে পারেনি। এখানে কিছু মানুষের হাত ছিলো। সময় এলে অবশ্যই তাদের বের করবো আমি।
রোনালদোর সঙ্গে মেসির তুলনা সেই ক্যারিয়ারের শুরু থেকেই। এটা বেশ উপভোগ করেন তিনি।
মেসি বলেন, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ভাল করেছে। ও সেখানে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। একটু সময়ের প্রয়োজন। ওর সঙ্গে আমার তুলনা সব সময়েই দারুন লাগে। এটা আমাকে আরো ভাল খেলতে অনুপ্রেরণা যোগায়।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দল যেভাবে খেলছে, তাতে কাতার বিশ্বকাপে দলের ভাল সম্ভাবনা দেখছেন বলেও জানান মেসি।