‘শেখের বেটি একনা দোকানঘর দিছে, আর ভিক্ষা করা লাগবি না’

August 17, 2023 at 07:05AM
from somoynews.tv | RSS Feed
‘ভিক্ষা করে দিন চলিছে। কেউ ট্যাকা দিছে, কেউ গালি দিছে। পেটের দায়ে করছি বাবা। কিন্তু শেখের বেটি একনা দোকানঘর দিছে হামাক। আর ভিক্ষা করা লাগবি না। সম্মান নিয়ে বেঁচে থাকতে পারমু।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমাজসেবা অধিদফতর থেকে একটি দোকান পেয়ে উচ্ছ্বসিত হয়ে এই কথাগুলো বলছিলেন বগুড়া শাজাহানপুর উপজেলার রাণীরহাটের বাসিন্দা ঈমান আলী।
শারীরিক অসুস্থতার কারণে গতর খাটিয়ে উপার্জন করতে পারেন না ঈমান আলী। নেই কোনো সহায় সম্পত্তি যা বিক্রি করে জীবিকার ব্যবস্থা করবেন। অগত্যা ভিক্ষাবৃত্তিকেই বেছে নিতে হয়েছিল বাধ্য হয়ে। তার উপার্জনেই স্ত্রী আর দুই সন্তানের সংসার চলে।
তবে ঈমান আলীর ভাগ্যের চাকা পেয়েছে নতুন পথের দিশা। এখন আর ভিক্ষা করে মানুষের অনুগ্রহে বাঁচতে হবে না। সরকারের সমাজসেবা অধিদফতর থেকে একটি দোকান পেয়েছেন, সঙ্গে নগদ ৫০ হাজার টাকার মালপত্র। তাই ভিক্ষার অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন।
আরও পড়ুন: ঠিকানাহীন মানুষগুলো এখন আর্থিকভাবেও স্বাবলম্বী
কেবল ঈমান আলী নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ায় ১০ ভিক্ষুককে পণ্যসহ মনোহারি দোকানঘর উপহার দিয়েছে জেলা সমাজসেবা অফিস।
নিত্যপ্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র আর শুকনো খাবার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এসব দোকান।
ঈমান আলী ছাড়াও দোকান পেয়েছেন সদরের শেরে বাংলা নগরের মোছা. নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার মো. ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মো. মমিন হোসেন, আকাশতারার মো. হারুনুর রশিদ, জয়পুরপাড়ার মো. আরিফুল ইসলাম, নামুজা আদর্শপাড়ার মো. বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের মো. জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের মো. আছমা ও কামারপাড়ার মো. আব্দুল জলিল।
আরও পড়ুন: স্বাবলম্বী হতে হাঁস-মুরগি পেলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ কর্মসংস্থান ও পুনর্বাসনের কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে চলতি বছর জেলার ২৭ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান সমাজসেবা অধিদফতর বগুড়ার উপপরিচালক আবু সাইদ কাওছার রহমান। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে দোকান ঘরগুলো উপহারভোগীদের কাছে হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বুধবার নিজ নিজ এলাকায় দোকান স্থানান্তর করে কেনাবেচা শুরু করেছেন এই পুনর্বাসিত দোকানিরা।