প্রতি পিস ডিম ১৫ টাকা!

August 08, 2023 at 06:20AM
from somoynews.tv | RSS Feed
হঠাৎ করেই ঊর্ধ্বমুখী ডিমের বাজার। প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়। আর এক পিস কিনলে গুনতে হচ্ছে ১৫ টাকা।
সোমবার (৭ আগস্ট) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
অস্থির নিত্যপণ্যের বাজারে নাজেহাল ভোক্তারা। তাদের নাভিশ্বাস আরেকটু বাড়িয়ে দিতে এবার বাড়ল ডিমের দাম। বাজারে প্রতি পিস মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকা পর্যন্ত।
হাতিরপুল কাঁচা বাজারের বিক্রেতা আসলাম জানান, বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে ডিমের দাম। মুরগির লাল ডিম ডজন ১৫৫ থেকে ১৬৫ টাকা ও সাদা ডিম ডজন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
আরও পড়ুন: খোলা সয়াবিন তেল বিক্রির সময় বাড়ল ৬ মাস
কেরানীগঞ্জের জিনজিরা বাজারের বিক্রেতা নূর ইসলাম বলেন, করপোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়াচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
কেরানীগঞ্জের আগানগর বাজারের বিক্রেতা করিম বেপারি বলেন, গত সপ্তাহে বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪৪ টাকা ও সাদা ডিম বিক্রি হয়েছিল ১৩৫ টাকায়। সেটি বৃদ্ধি পেয়ে এখন যথাক্রমে বিক্রি হচ্ছে ১৬০ ও ১৫০ টাকায়।
এদিকে ডিমের ঊর্ধ্বমুখী দামে হতাশ ক্রেতারা। তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে আমিষের চাহিদা মেটানোর অন্যতম উপাদান ছিল ডিম। তবে সেই ডিমও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া আবিদ জানান, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। তবে এক পিস ডিম কিনতে গেলে গুনতে হচ্ছে ১৫ টাকা।
আরেক শিক্ষার্থী রায়হান বলেন, ব্যাচেলরদের খাবারের মেন্যুর অন্যতম উপকরণ ডিম। অর্থের অভাবে অনেকের ভালো কিছু কিনে খাওয়ার সামর্থ্য না থাকায় ডিম ছিল একমাত্র ভরসা। সেটিও এখন সিন্ডিকেটের কবলে।
আরও পড়ুন: ডাবের ডাবল ‘সেঞ্চুরি’
এক ক্রেতা মাহিন বলেন, বাজারে প্রতিটি পণ্যের দাম হুহু করে বাড়ছে। এতে ডিমের দাম বাড়াটা অস্বাভাবিক কিছু নয়। বাজারে চলমান সিন্ডিকেট বন্ধ না করতে পারলে সামনের দিনগুলোতে দাম আরও বাড়বে।
এদিকে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং করলে নিয়ন্ত্রণে আসবে ভোগ্যপণ্যের দাম।
]]>