ব্যর্থ হৃদয়, সহজ লক্ষ্য পেয়েও হারল জাফনা কিংস

August 08, 2023 at 06:25AM
from somoynews.tv | RSS Feed
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা দ্বিতীয় হারের স্বাদ পেল জাফনা কিং। সহজ লক্ষ্য পেয়েও তারা হেরেছে ৯ রানের ব্যবধানে। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।
সোমবার (৭ আগস্ট) ডাম্বুলা অরার বিপক্ষে মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই থেমেছে জাফনা কিংস। ডাম্বুলার হয়ে পাক পেসার হাসান আলি ৩ উইকেট নিয়েছেন।
এদিন পাল্লাকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জাফনা। মাত্র ১০ রানের মধ্যে একে একে উইকেট বিলিয়ে দিয়ে আসেন চারিথ আসালাঙ্কা, তাওহীদ হৃদয় ও রহমানউল্লাহ গুরবাজ। এলপিএলের শুরু থেকে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো হৃদয় আগের ম্যাচেও বেশ সংগ্রাম করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে স্থায়ী হতে পারেননি। ২২ বলে ১৯ রান করে তিনি ক্রিজ ছেড়েছিলেন। কিন্তু আজ ক্রিজে নেমে প্রথম বলই ডিপ মিডউইকেটের ওপর দিয়ে তুলে মারার চেষ্টা করেন। কিন্তু বল-ব্যাটের ঠিকঠাক সংযোগ না হওয়ায় ধরা পড়েন বিনুরা ফার্নান্দোর হাতে। ফলে কোনো রান না করেই মাঠ ছাড়েন টাইগার ব্যাটার। তাতে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা হৃদয় নেমে এলেন তিনে।
৫ ম্যাচে ৩৫.২৫ গড়ে হৃদয়ের রান ১৪১। শীর্ষে উঠে আসা বাবর আজম ৫২.৭৫ গড়ে ৪ ম্যাচে করেছেন ২১১ রান।
আরও পড়ুন: বড় সংগ্রহ পেয়েও বাবরের সেঞ্চুরিতে হারল সাকিবরা
এদিকে গুরবাজ-হৃদয়দের ব্যর্থতার দিনে হাল ধরতে পারেননি ডেভিড মিলারও। দলীয় ২৭ রানে তিনি আউট হলে ম্যাচ থেকেই একপ্রকার ছিটকে পড়ে জাফনা। একপ্রান্ত আগলে ধরে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান শোয়েব মালিক। তবে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। মালিক ৫৩ বলে ৬ ছক্কায় ও ৫ চারে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ডাম্বুলা অরাও। যদিও বোলারদের কল্যাণে তারা শেষ পর্যন্ত জয় তুলে নেয়। এদিন দলের খাতায় ১ রান যোগ করতেই দুই ওপেনারকে হারিয়েছিল ডাম্বুলা। এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন সাদিরা সামাবিক্রমা ও কুশাল পেরেরা। সামাবিক্রমা ২৫ বলে ৩০ ও কুশাল পেরেরা ৩৬ বলে ৪১ রান করেন।
আরও পড়ুন: মঙ্গলবার জানা যাবে ওয়ানডে অধিনায়কের নাম
দুজনের বিদায়ের পর আবারও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ডাম্বুলা। শেষদিকে হেইডেন কেরের ২০ বলে ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ডাম্বুলা। জাফনা হয়ে ২টি করে উইকেট তুলে নেন নুয়ান থুশারা ও শোয়েব মালিক।
আগের ম্যাচে বি-লাভ ক্যান্ডির কাছে হেরেছিল জাফনা। টানা দুই হারে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের চারে। ৫ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪।