ওমরাহ করে ফেরার পথে প্রবাসী বাংলাদেশি নিহত


August 13, 2023 at 09:00AM
from somoynews.tv | RSS Feed

সৌদি আরবে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের মক্কা নগরীতে স্থানীয় সময় দুপুর ২টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ইউসুফ মাঝি (৩২)। এ দুর্ঘটনায় তার বাবা বাচ্চু মাঝি (৫৫), ছোট ভাই রাকিব মাঝি (২৫) এবং আরও এক প্রবাসী গুরুতর আহত হন। 

 

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল খান জানান, প্রবাসী চারজন মিলে কর্মস্থল থেকে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান। দুপুরে ওমরাহ'র আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িতে করে কর্মস্থলে ফিরছিলেন তারা। এ সময় গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে মারা যান ইউসুফ। এ ঘটনায় গাড়িতে থাকা বাচ্চু মাঝি, ছেলে রাকিব মাঝি এবং আরও একজন গুরুতর আহত হন। 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু 

আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


২০ বছর আগে কাজের তাগিদে সৌদি আরবে যান বাচ্চু মাঝি। এরপর তার দুই ছেলেকেও নিয়ে যান সেখানে। শনিবার তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। 


এদিকে, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের হতাহতের ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে বাচ্চু মাঝির বাড়িতে শোকার্ত পরিবেশ তৈরি হয়েছে। দুর্ঘটনায় স্বজন হারানোর ব্যাথায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url