হাসারাঙ্গার ম্লান সাকিব-লিটন, বিদায় গলের

August 20, 2023 at 06:42AM
from somoynews.tv | RSS Feed
আরও একবার ওয়ান্নিদু হাসারাঙ্গার কাছে ম্লান হলেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে কিছুয় করতে পারেননি সাকিব। ভালো শুরু করেও ফিরে গেছেন অল্প রানে। ব্যর্থ লিটন দাসও। তাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে বি-লাভ ক্যান্ডির কাছে হেরে বিদাছেনিল সাকিবের গল টাইটান্স।
শনিবার (১৯ আগস্ট) লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৩৪ রানে হেরে গেছে সাকিব-লিটনের গল টাইটান্স। এই হারে অপূর্ণ থেকে গেল সাকিব-লিটনের ফাইনাল খেলার সাধ। বিদায় নিতে হলো ফাইনালের আগেই।
এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যান্ডি। কিন্তু লাহিরু কুমারা ও সাকিব মিলে ২০ রানের মধ্যেই ক্যান্ডির তিন ব্যাটারকে সাজঘরে ফেরান। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে হাসারাঙ্গা ও দীনেশ চান্দিমাল মিলে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন। ৭২ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ৪৮ রান করেন হাসারাঙ্গা। তার ইনিংসে ৩টি চার ও ৪টি ছয়ের মার ছিল। হাসারাঙ্গার বিদায়ের কিছুক্ষণ পর চান্দিমালও ৩৭ বলে ৩৮ রান করে বিদায় নেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৭ বলে ২৪ ও সিফ আলি ১১ বলে ১০ রান করেন। শেষদিকে ৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন চতুরঙ্গ ডি সিলভা। তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ক্যান্ডি।
গলের পক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন কুমারা। ৩ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন সোনাল দিনুশা। এদিন ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে সাহান আর্চিজ্ঞের উইকেট নেন সাকিব।
আরও পড়ুন: বল হাতে উজ্জ্বল সাকিব, ফাইনালে যেতে চ্যালেঞ্জিং লক্ষ্য গলের
জবাবে ব্যাট করতে নেমে গলকে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন দাস। কিন্তু ১৯ বলে ৪ চারে ২৫ রান করেই ডি সিলভার শিকারে পরিণত হন লিটন। আরেক ওপেনার লাসিথ ক্রসপুল্লে ১৪ রান করেন। ৪৫ রানে ৩ উইকেট হারানো গলকে ভালোই টানছিলেন সাকিব ও দিনুশা। কিন্তু হঠাৎ সাকিবও বিদায় নেন। ১৫ বলে ২ চারে ১৭ রান করেন সাকিব।
আর ১৪ রান যোগ হতে অধিনায়ক দাসুন শানাকাও বিদায় নিলে ব্যাকফুটে পড়ে যায় গল। মাত্র ৪ রান করেন শানাকা। একটু পর ১ রান করে বিদায় নেন নাজিবুল্লাহ জাদরানও। জয়ের জন্য তখনও ৩২ বলে ৬৭ রান দরকার গলের। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৩ রান করতে পারে গল। দলের পক্ষে ৩২ বলে সর্বোচ্চ ২৮ রান করেন দিনুশা।
ক্যান্ডির পক্ষে হাসারাঙ্গা বল হাতেও সফল হন। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। চতুরঙ্গ ডি সিলভা মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। মোহাম্মদ হাসনাইনও ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া মুজিব উর রহমান ও সাহান আর্চিজ্ঞে ১টি করে উইকেট শিকার করেন।