লক্ষ্মীপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় চার মামলা, এ্যানিসহ আসামি ৩৭৫৫

July 20, 2023 at 08:10AM
from somoynews.tv | RSS Feed
লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। এতে ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়।
অন্যদিকে কৃষকদল কর্মী সজীব হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে নিহতের বড় ভাই সুজন হোসেন। এছাড়া সংঘর্ষের দিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর লক্ষ্মীপুর শহরের বাসার মূল ফটকে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি সদর থানায় আরেকটি মামলা করেন। এতে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বুধবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সদর থানায় মামলাগুলো করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, মঙ্গলবারের (১৮ জুলাই) সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, আগুন, ভাঙচুরের ঘটনায় বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সজীব হত্যাকাণ্ড নিয়ে পুলিশ-আ.লীগ-বিএনপির ত্রি-মুখী বক্তব্য
অন্যদিকে একই সময়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন। এ মামলায়ও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে আসামি করা হয়। তিনিসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহত সজীবের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক একটি মামলা করেন।
অপরদিকে জেলার কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুর জেলা শহরের রামগতি সড়কের ঝুমুর সংলগ্ন এলাকায় বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।