পারফর্ম করেও বিবেচনায় নেই সুমন খান

June 03, 2023 at 05:41AM
from somoynews.tv | RSS Feed
বিসিএল, এনসিএল আর ডিপিএল; ঘরোয়া লিগের শীর্ষ তিন টুর্নামেন্টে ২৬ ম্যাচ খেলে ৬৪ উইকেট। ২০২২/২৩ মৌসুমে তার চাইতে বেশি উইকেট নেই আর কারো। তবুও কোথাও রাখা হয়নি পেসার সুমন খানকে। ‘এ’ দলের হয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষ সিরিজে ডাক না পাওয়ায় কিছুটা আক্ষেপ তার, তবুও সুমন অপেক্ষায় আছেন একটা সুযোগের।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইনডোরে অনুশীলনে জাতীয় দল, এইচপি ইউনিট রাজশাহীতে, সিলেটে ‘এ’ দল। সুমনের তাই একলা চলা, নিজেকে একলা প্রস্তুত করা। ফিতা মেপে হয়তো দূরত্ব পরিমাপ করা যায়, কিন্তু মনের গভীরের ক্ষত মুছবে কীভাবে। দলে ফেরার মানদণ্ড যদি হয় ঘরোয়া লিগের পারফর্মেন্স, তবে ভালো করেও সুমন খান কেন বিবেচনায় নেই?
আরও পড়ুন: জয়ের সেঞ্চুরিতে তৃতীয় টেস্টে ড্র করল বাংলাদেশ
এনসিএলে ঢাকার হয়ে ১১ ইনিংসে ৩৩ উইকেট। বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে ৪ ম্যাচে ১৩ আর ডিপিএলে গাজীর জার্সিতে ১১ ম্যাচে ১৮ উইকেট। সবমিলিয়ে ২৬ ম্যাচ খেলে ৬৪ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন এই পেসার। এক ক্যালেন্ডারে ঘরোয়া লিগে যা অবিশ্বাস্য কীর্তি। তবুও কেন ‘এ’ দলে জায়গা মেলেনি সুমনের, তা বিশ্লেষণের দাবি রাখে নিশ্চিত।
সুমন মিলিয়ে হতাশা ভর করলেও আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছেন সুমন। তিনি বলেন, ‘যখন পারফর্ম করবেন, তখন প্রত্যাশা বাড়ে। সে জায়গা থেকে হতাশ হতে হয়। তবুও মনে হয়, যেটা করছি, সেটা চালু রাখা উচিত। এক সময় হয়তো লক্ষ্যে পৌঁছাতে পারব।’
আধুনিক ক্রিকেটে সবকিছুই আজকাল বদলে গেছে। বিশেষ করে ১৩০ গতি দিতে আর যাই হোক বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা যায় না। তাই তো বলের গতি বাড়াতে আলাদা মনোযোগ দিচ্ছেন সুমন। আলাদা কাজ করছেন সুইং নিয়েও। তিনি বলেন, ‘লাস্ট ৬ মাস ধরে গতি নিয়ে কাজ করছি। লাস্ট প্রিমিয়ার লিগেও ভালো করছি, বাউন্সার নিয়ে কাজ করছি। আর লাল বলের ক্ষেত্রে সুইং নিয়ে কাজ চলছে।’
আরও পড়ুন: নারী দলের জন্য ইংলিশ কোচ নিয়োগ বিসিবির
সামনে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সুমনের বিশ্বাস সেখানে নিশ্চয়ই রাখা হবে তাকে। এ মৌসুমের মতো ২০২৩-২৪ ক্যালেন্ডারেও নিজেকে সবার ওপরে রাখতে চান সুমন খান।