আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা


May 03, 2023 at 09:55AM
from somoynews.tv | RSS Feed

লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান ফয়সাল। এ হত্যার ঘটনায় ৮ জন অংশ নেয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২ মে) রাতে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আনোয়ারুল কবীরের আদালতে এ জবানবন্দি দেন তিনি। দেওয়ান ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

 

মঙ্গলবার (২ মে) রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

পুলিশ সুপার জানান, আসামি দেওয়ান ফয়সাল তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের নাম বলেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না।

 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জোড়া খুন মামলায় আটক ৪

 

ফয়সালের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন ও উপজেলা যুবলীগের কমিটিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা নোমানের সঙ্গে দেওয়ান ফয়সালের দ্বন্দ্ব চলে আসছিলো। ঘটনার দিন ৮টায় দেওয়ান ফয়সালের কাছে ফোন আসে যুবলীগ নেতা নোমানকে মারতে হবে। এমন ফোন পেয়ে মোটরসাইকেলে করে রামগঞ্জ থেকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এসে মোটরসাইকেল রেখে পায়ে হেটে নাগেরহাট সড়কের পোদ্দার বাজার স-মিল এলাকায়  অবস্থান নেয়।

 

এ সময় ফয়সালসহ ৮ অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবের মোটরসাইকেলের গতিরোধ করে শটগান থেকে গুলি চালায়। একপর্যায়ে নোমান দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজন অস্ত্রধারী নোমানের মাথায় ও বুকে গুলি করে রাস্তায় ফেলে যায়।

 

হত্যাকাণ্ড শেষে ফয়সালসহ কয়েকজন সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে রামগঞ্জের দিকে চলে যায়। এরপর দেওয়ান ফয়সাল এক জনৈক ব্যক্তির হলুদ অনুষ্ঠানে অংশ নেয়।

 

আরও পড়ুন: সাবেক যুবলীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা, ক্ষোভ ও আতঙ্ক

 

পুলিশ সুপার আরও জানান, হত্যারকাণ্ডের পরের দিন রামগঞ্জ অবস্থান করলেও এরপর গা ঢাকা দেয় দেওয়ান ফয়সাল। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১ মে) দেওয়ান ফয়সালকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। মঙ্গলবার দিনভর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে পুলিশকে জানায়। এরপর বিকেল সাড়ে ৫টায় তাকে লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

 

এ ঘটনায় এজহার নামীয় ৬ আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিভিন্ন পর্যায়ে রিমান্ডে দিয়েছে আদালত। ঘটনার পর একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে এজহার নামীয় ৩ নং আসামি দেওয়ান ফয়সাল ও আলমগীরসহ দুজনকে শনাক্ত করে পুলিশ।

 

এর আগে, গত ২৫ এপ্রিল রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। এ ঘটনায় নিহত নোমানের ভাই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url