শীর্ষে থাকা গুজরাটকে হারাল মুম্বাই

May 13, 2023 at 06:56AM
from somoynews.tv | RSS Feed
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই সবার আগে শীর্ষ চার নিশ্চিত হতো গুজরাট টাইটান্সের। কিন্তু শীর্ষে থাকা গুজরাটকে সে সুযোগ দিল না মুম্বাই। বরং হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে চারে থাকার লড়াইয়ে এগিয়ে থাকল মুম্বাই।
শুক্রবার (১২ মে) রাত ৮টায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে মুম্বাই। যেখানে সেঞ্চুরি পেয়েছেন সূর্যকুমার যাদব। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে থামে গুজরাট। তাতে ২৭ রানের জয় পায় মুম্বাই।
আরও পড়ুন: ব্রাভোকে টপকে সবার ওপরে চাহাল
২১৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয় গুজরাটের টপ অর্ডার। মাঝখানে বিজয় শংকর (১৪ বলে ২৯ রান) ও ডেভিড মিলার (২৬ বলে ৪১ রান) রান পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে রশিদ খান একাই টেনে নেয়ার চেষ্টা করেন গুজরাটের ইনিংস। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। তাতে ১৯১ রানে থামে গুজরাট। শেষ পর্যন্ত ৩২ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১০টি ছক্কার মার। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল।
এ দিন প্রথম ইনিংসে মুম্বাইয়ের ওপেনিংয়ে দলকে ৬১ রান এনে দেন ইশান কিশান ও রোহিত শর্মা। কিশান ২০ বলে ৩১ করে রশিদের লেগ বিফোরের ফাঁদে পড়েন। আর রোহিত ১৮ বলে ২৯ রান করে রশিদের বলে রাহুল তেওয়াতিয়ার হাতে ক্যাচ তুলে দেন।
এরপর ক্রিজে নেমেই আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন নেহাল ওয়াদেরা। তবে এ ব্যাটারকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রশিদ। আফগান স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ৭ বলে ১৫ রান করেন তিনি। রশিদ কাবু করতে পারেননি কেবল সূর্যকুমারকে। ক্রিজের একপ্রান্ত আগলে রেখে শুরুতে ধীরস্থির ব্যাট করে যান তিনি। চতুর্থ উইকেটে বিষ্ণু বিনোদের সঙ্গে গড়েন ৬৫ রানের জুটি। বিনোদ ২০ বলে ৩০ রান করে আউট হন।
এরপর তাকে সঙ্গ দিতে আসা টিম ডেভিড অল্প সময়ে ছাড়েন ক্রিজ। তবে টানা দুই উইকেট গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ মুম্বাইয়ের দখলে রাখেন সূর্যকুমার যাদব। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে তুলে নেন আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম শতক।
ইনিংসের শেষ বলে ছয় হাঁকিয়ে মাইলফলকে পা রাখা সূর্যকুমার ৪৯ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে। তার ইনিংসটি ১১ চার ও ৬ ছক্কার মারে সাজানো ছিল। সবমিলিয়ে আইপিএলের নিজের একাদশ আসরে এসে ১৩৫তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন সূর্যকুমার। ১১৯ ইনিংসে তার ফিফটির সংখ্যা ২০টি।
আরও পড়ুন: প্রথম ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড জয়সওয়ালের
গুজরাটের বিপক্ষে জয় নিয়ে মুম্বাই ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে। আর সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট।