নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১


May 01, 2023 at 10:45AM
from somoynews.tv | RSS Feed

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে স্বামী ও স্ত্রীর বাড়ির দু’পক্ষের সংঘর্ষে কাঞ্চন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর ইসদাইর এলাকার হাসেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।


নিহত কাঞ্চন বিবি (৬৫) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পোকাড়ঢাল গ্রামের লাল মিয়ার স্ত্রী।


নিহতের মেয়ে সালমা বেগম জানান, তার মেয়ে বৃষ্টিকে (২২) কুমিল্লার মুরাদনগর এলাকার শাহীন মিয়ার ছেলে ইব্রাহীম (২৮) দুই বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে রয়েছে। রোববার দুপুর ১২টার সময় ইব্রাহীম ঘর ভাড়া না দিয়ে বৃষ্টিকে হাসেম মিয়ার ভাড়া বাসায় রেখে ছয় মাসের সন্তানসহ নিজের কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সে ধরা পড়ে যায়।  


আরও পড়ুন : শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
 

পরে ইব্রাহীম বিষয়টি তার মা ও তিন খালাকে জানায়। এতে ইব্রাহীমের মা বাবা ও তিন খালা গিয়ে বৃষ্টির ওপর চড়াও হয়। এ সময় বৃষ্টির নানী কাঞ্চন বিবিসহ পরিবারের অন্যান্য লোকজন এসে ঘটনার প্রতিবাদ করে। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। তখন কাঞ্চন বিবি অজ্ঞান হয়ে পড়লে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তবে চিকিৎসক কাঞ্চন বিবিকে মৃত ঘোষণা করেন।


বৃষ্টির স্বামী ইব্রাহীমের দাবি, সে তার বাবা মা ও খালাদের ডেকে এনেছিল তাদের স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে। তারা বাসায় আসায় ইব্রাহীমের শ্বাশুড়ি সালমা বেগম, নানী শ্বাশুড়ি কাঞ্চন বিবি ও বৃষ্টিসহ তাদের পরিবারের অন্যান্য লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে দুই পরিবারের লোকজন উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।


আরও পড়ুন : সাত খুনের ৯ বছর: রায় দ্রুত কার্যকরের দাবি নিহতদের পরিবারের


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইব্রাহীম, তা মা ও তিন খালাকে আটক করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক জানান, কাঞ্চন বিবির পিঠে ও মাথায় এলোপাতাড়ি কিল ঘুষি মারা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url