‘লাখো মানুষের চোখের পানিও কি আপনাদের কাছে মূল্যহীন?’

May 01, 2023 at 09:58AM
from somoynews.tv | RSS Feed
‘পঁয়ত্রিশ হাজার পরিবারের লাখো মানুষের চোখের পানিও কি আপনাদের কাছে মূল্যহীন, আমাদের প্রতি কোনো দয়া-মায়া হয় না? এতগুলো মানুষের ১০৫ কোটি টাকা আত্মসাৎ করে যারা বহাল তবিয়তে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেয়া হবে না?’
রোববার (৩০ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন, সদর উপজেলার বাসুদেবপুর এলাকার গৃহবধূ খালেদা খাতুন (৩৪)।
তিনিসহ চাঁপাইনবাবগঞ্জের অবৈধ ও অনিবন্ধিত ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় থাকা ৩৫ হাজার গ্রাহকের আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সমবেত হয়েছিলেন ৭ শতাধিক গ্রাহক।
এ সময় গ্রাহকরা ভুয়া এনজিওর মালিক ও টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে করা মামলার আসামিদের গ্রেফতার ও টাকা ফেরতের দাবি জানান।
আরও পড়ুন : সাবেক কাউন্সিলর হত্যা: /চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা
খালেদা খাতুন বলেন, জমি কেনার জন্য অনেক কষ্টে টাকাগুলো মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার বাসুদেবপুর শাখায় জমা রেখেছিলাম। টাকা নেয়ার সময় তারা বলেছিল, যখন চাইবেন তখনই ফেরত দেয়া হবে। কিন্তু জমি কেনার জন্য টাকা চাইতে গেলে তা ফেরত দিচ্ছে না। আমার স্বামী এখন আমাকে এই টাকা না দেয়ার জন্য ডিভোর্স দিতে চাই। আমি সংসার হারাতে বসেছি।
সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের স্নাতক পড়ুয়া লতিফা খাতুন বলেন, আমার কোনো ভাই নেই। বাবার উপার্জনের ৬ লাখ টাকা মধুমতি এনজিওতে জমা রেখেছিলাম। কিন্তু বাবা অসুস্থ হওয়ার পরেও এখন চিকিৎসা করার জন্য টাকা উত্তোলন করতে পারছি না।
নাচোল উপজেলার নেজামপুরের কাজল মুখার্জির স্ত্রী টুম্পা মুখার্জি বলেন, ২০১৯ সাল থেকে দিনমজুর স্বামীর জমানো টাকা রেখেছিলাম মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামের এনজিওতে। জমি কেনার জন্য টাকা জমানো টাকা না পেয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার মতো এলাকার হাজারো মানুষের অবস্থা এমন।
এ বিষয়ে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার (জিএম) এসলাম হোসেন বলেন, এ বিষয়ে একাধিক মামলা চলমান। আইনগতভাবেই বিষয়টি দেখা হচ্ছে।
আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রতিবাদ করলেই মামলা-হামলা!
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কয়েকজন আসামির গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজন আদালত থেকে জামিনে রয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন ছাড়া কোনো ধরনের ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা অবৈধ। মধুমতির বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকেরা। তার আগের দিন ১ এপ্রিল একই দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। এ ছাড়াও গত ৯ মার্চ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করে ইউএনও বরারবর অভিযোগ দেন টাকা জমা রেখে প্রতারিত ব্যক্তিরা।
]]>