ঘরের মাঠে হেরে দুয়ো শুনতে হলো মেসি-এমবাপ্পেদের

May 01, 2023 at 08:04AM
from somoynews.tv | RSS Feed
পার্ক দে প্রিন্সেসে রোববার (৩০ এপ্রিল) টেবিলের ১০ নম্বর দল লরিয়েন্টের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এমন এক ম্যাচ হারের পর ঘরের মাঠের সমর্থকরা চুপ থাকেনি। ম্যাচ শেষে দলকে দুয়ো দিয়েছে তারা।
ম্যাচে চ্যাম্পিয়নদের মতো খেলতে পারেনি পিএসজি। পুরো ম্যাচে পারফর্মই করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ১৫ মিনিটেই লরিয়েন্টের ফুটবলার এঞ্জোর গোলে পিছিয়ে পরে পিএসজি। এরপর আরও বড় বিপদে পরে যখন দলের রাইট-ব্যাক আশরাফ হাকিমি লাল কার্ড দেখেন।
ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাকিমি। এরপর অবশ্য ম্যাচে সমতায় ফেরে পিএসজি। এমবাপ্পের গোলে ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরে ফরাসি জায়ান্টরা। তবে প্রথম হাফের আগেই আবারও লিড নেয় লরিয়েন্ট।
আরও পড়ুন: সিটির জয়ের ম্যাচে হল্যান্ডের রেকর্ড
দ্বিতীয় হাফে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় পিএসজি। তবে লরিয়েন্টের ডিফেন্স ভাঙতে পারেন না এমবাপ্পে-মেসিরা। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পরে পিএসজি। আহমাদউ বাম্বা দিয়েং লরিয়েন্টের নিশ্চিত জয়ের গোলটি করেন।
ম্যাচ শেষে যখন মেসিরা নিজেদের ডাগআউটে যাচ্ছিলেন তখন দুয়ো দিতে থাকে পিএসজির সমর্থকরা। হয়তো এমন হার মানতে পারেনি তারা। কারণ, শিরোপা জয়ের অনেক কাছেই রয়েছে তারা।
২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৯ ম্যাচে হারল পিএসজি। তবে এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট মেসি-এমবাপ্পেদের। আর দুইয়ে থাকা মার্সেই'র পয়েন্ট ৬৭।