দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যত রেকর্ড

March 27, 2023 at 06:10AM
from somoynews.tv | RSS Feed
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে রোববার (২৬ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৫৯ রানের টার্গেট সাত বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এই জয়ে বেশকিছু রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।
দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এর আগে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৬ সালে লডারহিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে করেছিল ৪৮৯ রান। তবে, সে রানের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে করেছে ৫১৭ রান।
দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান
সেঞ্চুরিয়ানে আজ আরেকটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসটি সর্বোচ্চ রানের ইনিংস। ২০২২ সালে সার্বিয়ার ২৪২ রান টপকে দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান করে ম্যাচ জিতেছিল বুলগেরিয়া।
আরও পড়ুন: এক টি-টোয়েন্টিতে ৫০০ রান: তাড়া করে জেতার রেকর্ড প্রোটিয়াদের
রান তাড়ার রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে সফল রান তাড়ার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের টার্গেট নিয়ে জিতেছিল অজিরা। সে রেকর্ড আজ ভাঙল প্রোটিয়ারা।
সর্বোচ্চ ছক্কা
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দু'দল আজ ৩৫ টি ছক্কা মেরেছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে ২০২২ সালে বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচে ৩৩ ছক্কা হয়েছিল।
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ২২টি ছক্কা মেরেছিল আফগানিস্তান। সে আফগানদের সঙ্গে যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মেরে তালিকায় শীর্ষে রয়েছে ক্যারিবীয়রা।