ফেনীতে ৫০ ঊর্ধ্ব তাহেরার সাহসিকতায় তিন ছিনতাইকারী হাজতে

February 08, 2023 at 07:45AM
from somoynews.tv | RSS Feed
ফেনীর দাগনভূঞাতে তাহেরা বেগম নামে ৫০ ঊর্ধ্ব এক নারী সিএনজি চালিত অটোরিকশার চালক এবং যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারাতে বসেছিলেন। কিন্তু তিনি ভীত না হয়ে একপর্যায়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের ধরে ফেলে। তার এমন সাহসিকতায় পুলিশের পক্ষ থেকে সেই নারীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান।
পুলিশ জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারি)) বিকালে দাগনভূঞার পৌর শহর থেকে তাহেরা বেগম অটোরিকশার চালক ও যাত্রীবেশী তিন ছিনতাইকারী কবলে পড়েন। গন্তব্যে যেতে এই নারী সিএনজিতে উঠলে পথিমধ্যে জোরপূর্বক তার কাছ থেকে ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া বালাসহ নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
একপর্যায়ে সেই নারী দুই ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার দিতে থাকলে পথচারীরা গাড়ির গতিরোধ করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আটকরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মনোয়ার উল্যাহর ছেলে মনির হোসেন, কুমিল্লার চান্দিনা থানার নোয়াবপুর বাজারের মৃত জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ ও ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন।
আরও পড়ুন: জয়পুরহাটে টাকাসহ ২ ছিনতাইকারী আটক
তিন ছিনতাইকারীর খপ্পরে পড়ে নিজের স্বর্ণালংকার ও নগদ টাকা রক্ষাসহ কীভাবে তাদের পাকড়াও করছিলেন সে প্রসঙ্গে কথা বলতে গেলে তাহেরা বেগম বলেন, ‘যখন দেখলাম ওরা আমার থেকে সবই জোর করে নিয়ে নিচ্ছে তখন জীবনের মায়া ত্যাগ করে তাদের দুজনকে ঝাপটে ধরে চিৎকার দিতে থাকি। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে ও ছিনতাইকারীদের আটক করে পুলিশে খবর দেয়।’
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, ‘এই ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দসহ আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’