ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিলো বাংলাদেশ


February 27, 2023 at 01:21AM
from jagonews24.com | rss Feed

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ভোটদানে বিরত থাকার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশ বলছে, সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপের মতো ‘গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্ট’ না থাকায় ভোটদানে বিরত থাকা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিণত হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, যেহেতু এই প্রস্তাবনার মূল লক্ষ্য ইউক্রেনে একটি সমন্বিত, যথাযথ ও টেকসই শান্তির উপায় খোঁজা, সেহেতু আমরা বিশ্বাস করি যে, চলমান এই সংঘাতের যে কোনো অর্থবহ ও টেকসই সমাধানের জন্য নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং এই সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপ অবশ্যই জরুরি। প্রস্তাবটিতে এই গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্ট না থাকায়, আমরা ভোটদানে বিরত থেকেছি।

আরও পড়ুন: যে তিন উপায়ে শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ইউক্রেন পরিস্থিতি, বিশেষত সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক প্রাণহানি, মানবিক পরিস্থিতির অবনতি এবং এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক পরিস্থিতিতে বিরূপ প্রভাবে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। আমরা বৈরিতার অবসান এবং আমাদের অঙ্গীকারে অটল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যা জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যে কোনো মূল্যে একে সমুন্নত রাখতে হবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কার দায়, সমাধান কী?

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয় জাতিসংঘে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা ও যুদ্ধ বন্ধ করে অবিলম্বে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।

এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি রাষ্ট্র। বিপক্ষে সাতটি রাষ্ট্র ভোট দেয়। আর ৩২টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে। বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া, রাশিয়া ও সিরিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। খবর: বাসস

জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url