টটেনহ্যামের বিপক্ষেও হেরে গেছে চেলসি


February 27, 2023 at 06:19AM
from somoynews.tv | RSS Feed

গত বছর ২৭ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল চেলসি। এরপর জিততেই ভুলে গেছে গ্রাহাম পটারের দল। লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যামের বিপক্ষে মর্যাদার লড়াইয়েও হেরে গেছে ব্লুরা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে চেলসি। দ্বিতীয়ার্ধে স্পারদের হয়ে গোল দুটি করেন অলিভার স্কিপ ও হ্যারি কেইন।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি চেলসি। টটেনহ্যামের মাঠে সংখ্যাটা এবার দাঁড়াল ১১। গোল ব্যবধান কমতে কমতে এ ম্যাচে জোড়া গোল খেয়ে তা নেমে গেছে মাইনাস দুইয়ে! অর্থ্যাৎ চলতি মৌসুমে লিগে চেলসি যা গোল করেছে, তার চেয়ে গোল বেশি খেয়েছে দুটি।

আরও পড়ুন:হলান্ড ও আলভারেজ নৈপুণ্যে বড় জয় ম্যানসিটির

দিনদুয়েক আগে চেলসির অজ্ঞাতনামা সমর্থকের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন কোচ গ্রাহাম পটার। সেই হুমকির আতঙ্ক কাটতে না কাটতে এবার হয়তো চাকরি হারানোর শঙ্কাও যোগ হচ্ছে ব্রাইটনের সাবেক বসের জীবনে।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এদিন চেলসির একাদশে ছিল ছয় পরিবর্তন। তবে তাতে মাঠের খেলায় পরিবর্তন নেই।

উল্টো ১৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন চেলসির অধিনায়ক থিয়াগো সিলভা। সাউদাম্পটনের বিপক্ষে সেসার আজপিলিকুয়েতা চোটে পড়ায় এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছিলেন সিলভা। তার বিদায়ে দূর্বল হয়ে পড়ে ব্লুদের রক্ষণভাগ। ২৬ মিনিটে গোল প্রায় খেয়েই বসেছিল চেলসি। এমিলে হজেবার্গের শট পোস্টে লেগে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যায় চেলসি।

প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড পান চেলসি উইঙ্গার হাকিম জিয়াশ। মরোক্কান এই উইঙ্গার টটেনহ্যামের এমারসন রয়্যালকে কাঁধ দিয়ে ধাক্কা দিলে রেফারি তাকে লাল কার্ড দেখান। যা নিয়ে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে হলুদ কার্ড দেখান রেফারি।

টটেনহ্যাম গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৬ মিনিটে ডান দিক থেকে নিচু শট নিয়েছিলেন এমারসন। তার শট আটকে দিলেও তা হাতে জমিয়ে রাখতে পারেননি চেলসি গোলরক্ষক কেপা। কাছেই থাকা আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বিপদমুক্ত করতে বল বাইরে ছুঁড়ে দেন। কিন্তু বল পেয়ে যান টটেনহ্যামের ২২ বছর বয়সী মিডফিল্ডার অলিভার স্কিপ। জোরাল শটে তিনি গোল করেন।

আরও পড়ুন:দুই ইউনাইটেডের লড়াইয়ে ইতিহাসের হাতছানি

গোল খেয়ে সমতায় ফিরতে চেষ্টা কম করেনি চেলসি। বেশ কয়েকবারই তারা হানা দিয়েছে টটেনহ্যামের রক্ষণে। কিন্তু একাধিকবার ডি বক্সে ঢুকেও ফিনিশিং দিতে পারেননি কাই হাভার্টজ, রাহিম স্টার্লিংরা। উল্টো ৮২ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটা ঠুকেন টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইন।

সন হিউন-মিনের নেয়া কর্নার থেকে বল পেয়ে যান অরক্ষিত কেইন। কাছে থেকে বল জালে জড়াতে খুব একটা বেগ পেতে হয়নি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার। 

এটি এবারের লিগে চেলসির নবম ও টানা দ্বিতীয় হার। ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে চেলসি। অন্যদিকে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বর স্থান সুসংহত করেছে টটেনহ্যাম।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url