মাদারীপুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে আহত ৩


January 17, 2023 at 05:58AM
from somoynews.tv | RSS Feed

মাদারীপুরে সদর উপজেলায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।


সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- একই এলাকার ছয়উদ্দিনের স্ত্রী হাওয়া বেগম (৬৫), তার দুই ছেলে আব্দুল গনি হাওলাদার (৪৬) ও আব্দুল মালেক হাওলাদার (৪০)। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আমবাড়ি এলাকার গনি হাওলাদারের সঙ্গে তার সৎভাই হাকিম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিকেলে হাকিমের দুই ছেলে ইরান ও ইমরানকে সঙ্গে নিয়ে মালেক হাওলাদারের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় গনি ও তার ছোটভাই মালেক এবং মা হাওয়া বেগমকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

 

আরও পড়ুন:  চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২


পরে আহত সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে হাওয়া বেগমকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।


আহত আব্দুল মালেক হাওলাদার বলেন, এ হামলার নেতৃত্ব দেয় ইরান ও ইমরানের দুই ভাই। সেই সঙ্গে তাদের ভাগনে উমেদ সরদার। মূলত হাকিমের হুকুমেই এ ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই।


আব্দুল গনি হাওলাদার বলেন, একটি কৃষি জমি নিয়ে দ্বন্দ্ব। হাকিম ওই জমি তার দাবী করে আসছে। আগামী শুক্রবার (২০ জানুয়ারি) এ নিয়ে সালিশ হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই হামলার ঘটনা কোনভাবে এটা মেনে নেয়া যায়। এর বিচার চাই।


মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার জানান, আহতদের মধ্যে এক নারীর মাথায় গুরুতর জখম পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্তদের ফোন বন্ধ পাওয়া যায়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url