জাতির স্বকীয়তা বজায় রাখতে সংস্কৃতি রক্ষায় মনোযোগ প্রয়োজন

January 03, 2023 at 11:20PM
from jagonews24.com | rss Feed
বাঙালি জাতির স্বকীয়তা বজায় রাখতে নিজস্ব সংস্কৃতি লালন ও রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হু’জ হু বাংলাদেশ-২০২২ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আজ নানা হুমকির সম্মুখীন। কারণ ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের অগ্রজরা বাড়িতে কোনো বিয়ের সময় সপ্তাহ ধরে বাংলা গানের চর্চা করতো, সেগুলো গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করবে বলে। আজ সেখানে অন্য ভাষার গানের চর্চা হয়।
তিনি বলেন, কোনো জাতির সংস্কৃতিকে যখন ভিনদেশি সংস্কৃতি গ্রাস করে, তখন জাতির স্বকীয়তা হারিয়ে যায়, তাই এ ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতিতে অবদানের জন্য কন্ঠশিল্পী রুনা লায়লা, চিত্রশিল্পী রফিকুন্নবী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. মো. শারফুদ্দিন আহমেদ, সাহিত্যিক ড. অগাস্টিন ক্রুজ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম, ক্রীড়াবিদ সাবরিনা সুলতানা, কৃষিবিদ কোহিনুর কামাল, এস এস গ্রুপের সত্ত্বাধিকারী মু. আবু সাদেক, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা ও প্রতিষ্ঠান হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড টান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রতিনিধিদের হাতে হু'জ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড আয়োজকদের পক্ষে পুরস্কার স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
আইএইচআর/আরএডি