তারেক-জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে ছাত্রদলের বিক্ষোভ


January 06, 2023 at 06:35AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দুদকের মামলায় আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে এই বিক্ষোভ করে ছাত্র সংগঠনটি।  

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশ নেন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রাবণ ও জুয়েল বলেন, ‘আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই অবৈধ সরকার তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ফরমায়েশি আদেশ দিয়েছেন। যা ছাত্রসমাজ মেনে নেবে না।’

আরও পড়ুন: তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ

তারা আরও বলেন, ‘তারেক রহমান হচ্ছেন দেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ছাত্রসমাজ। সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যেকোনো মূল্যে জনগণ সরকারকে পদত্যাগে বাধ্য করবে। সেদিন বেশি দূরে নয়।’

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপির নেতাদের অভিযোগ, রাজনীতি থেকে দূরে রাখতে তাদের নেতা তারেক রহমানকে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো হচ্ছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url