কারাগারে বসেই আইনের মাস্টার্স পরীক্ষা দেবেন রিজভী

January 05, 2023 at 05:51AM
from somoynews.tv | RSS Feed
কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিজভীর আইনজীবী কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেটি মঞ্জুর করেন।
এদিন রুহুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৭ ডিসেম্বর পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে রুহুল কবির রিজভী কারাগারে আছেন। পেশায় তিনি আইনজীবী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) শ্রেণিতে পড়াশোনা করছেন। আগামী ১২, ১৩ ও ১৯ জানুয়ারি তার পরীক্ষার দিন ঠিক রয়েছে।
আরও পড়ুন: ফখরুল ও আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে: রাষ্ট্রপক্ষ
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন জানান, কারাবিধি অনুযায়ী রুহুল কবির রিজভীর পরীক্ষা দেয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। শুনানি শেষে তাকে পরীক্ষা দেয়ার অনুমতি দেন আদালত। আদালত রুহুল কবির রিজভীকে পরীক্ষার বই সরবরাহের আদেশ দিয়েছেন।
তিনি আরও জানান, গত ১৮ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালত রিজভীর জামিন আবেদন নাকচ করেন। এরপর তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। সেটি শুনানির অপেক্ষায় রয়েছে।
গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অনেকেই আহত হন। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।
আরও পড়ুন: নাশকতার মামলায় ফখরুল ও আব্বাসের জামিন
অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব রয়েছেন।