সংস্কারের অভাবে ধ্বংসের পথে কুয়াকাটা ইকোপার্ক

December 06, 2022 at 04:40AM
from somoynews.tv | RSS Feed
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কুয়াকাটা সমুদ্রসৈকতের ইকোপার্ক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পার্কটি সংস্কারের মাধ্যমে পুনরায় সচল করার দাবি স্থানীয়দের। বন বিভাগ বলছে, পার্কের পরিকল্পিত একটি মাস্টার প্ল্যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সাগরকন্যা কুয়াকাটার একসময়ের অন্যতম আকর্ষণ ছিল 'কুয়াকাটা ইকোপার্ক'। সমুদ্রের মনভোলানো প্রকৃতির মাঝে বাড়তি আনন্দ দেয় ইকোপার্কটি। তবে সিডর ও আইলাসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে দুমড়ে-মুচড়ে যায় পার্কটি। হারিয়ে ফেলে সৌন্দর্য।
বন বিভাগের তথ্যমতে, ২০০৫-০৬ অর্থবছরে ১৪ একর জমির ওপর নির্মাণ করা হয় কুয়াকাটা ইকোপার্ক। গড়ে ওঠে ছোট-বড় দোকানপাট। আর্থিক সচ্ছলতা ফেরে অনেকের ঘরে। পরে জেলা প্রশাসন নাম পরিবর্তন করে রাখে 'জাতীয় উদ্যান'। কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় সৌন্দর্যে ঘেরা পার্কটি। সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় ৮ একর জমি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। পুনরায় সচল করার দাবি তাদের।
এলাকাবাসী জানান, সিডর-আইলাসহ বেশকিছু ঘূর্ণিঝড়ে এ পার্ক বিধ্বস্ত হয়েছে। এখন প্রায় ধ্বংসের পথে। পর্যটক এসে হতাশ হয়ে ফিরে যায়। সরকার যদি একটু নজর দেয়, তাহলে পার্ক তার আগের সৌন্দর্য ফিরে পাবে। পর্যটকরাও আবার ভিড় করত।
আরও পড়ুন: হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জে হচ্ছে পার্কসহ দৃষ্টিনন্দন লেক
এদিকে পার্কের উন্নয়নে পরিকল্পিত মাস্টার প্ল্যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ।
পটুয়াখালী বিভাগীয় বন কর্তকর্তা আব্দুল আল মামুন বলেন, ‘একটি প্রকল্প প্রণয়ন করেছি। প্রকল্পটি অনুমোদন পেলে আশা করছি কুয়াকাটা ন্যাশনাল পার্কে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে পারব।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বনাঞ্চলসহ সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত জেলা প্রশাসন। এরই মধ্যে আমরা বন বিভাগের সঙ্গে বসেছি। ইকোপার্ক ও গঙ্গামতিতে ২০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’
'কুয়াকাটা ইকোপার্ক' নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা।