মেডিকেলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল


December 13, 2022 at 08:38AM
from somoynews.tv | RSS Feed

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ জানা গেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। এ জন্য সব অংশীজনের সমন্বয়ে একটি নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আমিরুল মোরশেদ বলেন, আমরা গত দুইবারের তুলনায় পরীক্ষা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। গত ৬ ডিসেম্বর বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ২০/২১ ডিসেম্বরের তাদের মধ্যে প্রাক্টিক্যাল পরীক্ষা হয়ে যাবে। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে এইচএসসির ফলাফল হতে পারে। পরীক্ষা আয়োজনের বিষয়টি অনেকাংশে ফলাফলের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন: প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

এর আগে, গত ১ এপ্রিল ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যু থেকে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী। আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের তথ্য মতে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url