অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী

December 12, 2022 at 10:59PM
from jagonews24.com | rss Feed
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি বা সনদ দিলে হবে না, শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা ছড়িয়ে দিতে হবে। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে লাখো শহীদ জীবন দিয়েছেন, সে স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর মধ্যে ঘৃণ্যতম। এসব হত্যাযজ্ঞে যারা নেতৃত্ব দিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তাদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করতে হবে। এরই মধ্যে চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর করা হয়েছে। সব ঘাতকের বিচারের মাধ্যমেই জাতি দায়মুক্ত হতে পারে।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য আরমা দত্ত এমপি, ডা. নুজহাত চৌধুরী, তানভীর হায়দার চৌধুরী, শমী কায়সার ও রোকাইয়া হাসিনা নীলি স্মৃতিচারণ করেন।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক ড. মো. আবু তাহের এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএম/এমএইচআর