আওয়ামী লীগ ললিপপ চুষবে না: কাদের

November 29, 2022 at 04:58AM
from somoynews.tv | RSS Feed
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরের ১০ তারিখে আমরা বাধা দিতে চাই না। বিএনপি সমাবেশ করুক শান্তিপূর্ণ পরিবেশে— এটাই আমরা চাই। তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে। আপনারা আগুন আর লাঠি নিয়ে আসলে আমাদের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবেন— এটা হবে না।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর আমরাও প্রস্তুত আছি। খেলা হবে। সামনের সারিতে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাছিম থাকবে।
সোমবার (২৮ নভেম্বর) জামালপুর শহরের জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ১০ তারিখে তিনি নাকি হ্যামিলিনের বংশীবাদকের মতো বাঁশিতে ফুঁ দেবেন, এতেই নাকি অভ্যুত্থানের মধ্যদিয়ে এ সরকারের পতন হবে!’
এ সময় মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের তিনি জিজ্ঞাসা করেন, ‘শুনছেন এই কথা?’ এরপর ফখরুল ইসলামের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব, হ্যামিলিনের বংশীবাদকের মতো আপনারাও কি ঢাকাবাসীকে নদীতে ডুবিয়ে রাখবেন, নাকি কোনো পাহাড়ে নিয়ে আটকে রাখবেন?’
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান নাকি ১১ ডিসেম্বর বাংলাদেশে আসবে। বিএনপির নেতাকর্মীরা বিমান বন্দর থেকে নাকি তাকে নিয়ে আসবে। খোয়াব দেখছে, এই খোয়াব বাস্তবে দেখবেন না।
আরও পড়ুন : শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায়: কাদের
তিনি বলেন, তারেক রহমান থেকে সাবধান। দেখেন না বড় লোকদের বাড়িতে কুকুর পালে। গেটে লেখা থাকে ‘কুকুর হতে সাবধান’। আমরা দেশবাসীকে বলব আপনারা তারেক রহমানকে থেকে সাবধান।
শেখ হাসিনার সরকার আবারও দরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন শেখ হাসিনা এটা জানেন। সারা বিশ্বই বিপদে আছে। তাই আমরাও বিপদে আছি। তাদের সংকট আমাদের শাস্তি দিচ্ছে। নিষেধাজ্ঞা আর যুদ্ধ, সব উনারা করেন, আর আমরা কষ্ট পাচ্ছি। তারপরও আমরা সামাল দিয়ে যাচ্ছি। মানুষের কথা চিন্তা করেন বলেই শেখ হাসিনা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান, দিন-রাত মানুষের জন্য কাজ করেন।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য হোসনে আরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার ও রেমন্ড আরেং।
]]>